গরমে অস্বস্তি, সুখবর দিলো আবহাওয়া অফিস
আল ইহসান ডেস্ক:
কয়েক দিন ধরে গরমে অতিষ্ঠ রাজধানীবাসী। দেশের বিভিন্ন স্থানেও গরমে অস্বস্তিকর পরিস্থিতি বিরাজ করছে। মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সোমবার (৩০ জুন) দেশের সর্বোচ্চ ৩৫.৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে আবহাওয়া অফিস। আজ দেশের সর্বনিম্ন ২৪.২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয় বান্দরবানে।
এ পরিস্থিতিতে আবহাওয়া অফিস বলছে, দেশের সব বিভাগেই চলতি সপ্তাহজুড়ে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এর মধ্যে খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি বর্ষণ হতে পারে। এর পর থেকে সারা দেশের কোথাও মাঝারি ধরনের ভারি বর্ষণের আভাস রয়েছে। ঝড়বৃষ্টির এ প্রবণতা আগামী সপ্তাহেও অব্যাহত থাকতে পারে।
এতে দেশের বিভিন্ন স্থানে গরম কিছুটা কমতে পারে বলে ধারণা করা হচ্ছে। আবহাওয়া অফিস বলছে, সারা দেশে আগামী দুদিন তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। তবে আগামী জুমুয়া ও শনিবার (৩ ও ৪ জুলাই) সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।