গরমে অসুস্থ রিকশাচালক, ট্রাফিক পুলিশের সহযোগিতায় প্রাণ রক্ষা!
রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক-ওয়ারী বিভাগের পুলিশ সদস্যদের ত্বরিৎ পদক্ষেপে রক্ষা পেলো একজন রিকশাচালকের প্রাণ।
গতকাল ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) সকাল সাড়ে নয়টার দিকে যাত্রাবাড়ী ট্রাফিক পুলিশ বক্সের সামনে একজন রিকশাচালক চলন্ত অবস্থায় রিকশা থেকে রাস্তার ওপরে ছিটকে পড়ে যান। সেখানেই দায়িত্বরত ছিলো এক ট্রাফিক ইন্সপেক্টর।
তাৎক্ষণিক যাত্রাবাড়ী মোড়ে দায়িত্বরত অন্যান্য ট্রাফিক পুলিশ সদস্যদের সহযোগিতায় রিকশাচালকের মাথায়, চোখে ও মুখে পানি ছিটিয়ে দেয়া হয়। এরপর যাত্রাবাড়ী ট্রাফিক পুলিশ বক্স থেকে নিয়মিতভাবে সাধারণ জনগণের জন্য বিলি করা পানি ও স্যালাইন অসুস্থ রিকশাচালককে খাওয়ালে তিনি সুস্থ হয়ে ওঠেন।
সুস্থ হওয়ার পর রিকশাচালক জানান, তিনি রিকশা চালাচ্ছিলেন। প্রচন্ড গরমের কারণে হঠাৎ তার শ্বাস-প্রশ্বাস বন্ধ হয়ে যায়। তখন তিনি চলন্ত রিকশা থেকে রাস্তায় পড়ে যান। পুলিশের সহযোগিতা নাহলে হয়তো হিটস্ট্রোকে তার মৃত্যুও হতে পারতো।
এজন্য রিকশাচালক ট্রাফিক পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।