গণতন্ত্র মঞ্চের নেতাদের যে নির্দেশনা দিলেন খালেদা
এক মাসেরও বেশি সময় ধরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দেখতে গিয়েছিলেন গণতন্ত্র মঞ্চের শীর্ষ নেতারা। মঙ্গলবার রাত ১০টার দিকে এভারকেয়ার হাসপাতালে যান তারা। খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ শেষে বেরিয়ে হাসপাতালের সামনে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন গণতন্ত্র মঞ্চের নেতারা।
সরকারের অধীনে নির্বাচনী ফাঁদে পা দেওয়া যাবে না বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। হাসপাতালে গণতন্ত্র মঞ্চের শীর্ষ নেতারা তার সঙ্গে দেখা করতে গেলে তিনি এ কথা বলেন বলে জানান নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না।
মান্না বলেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া অত্যন্ত অসুস্থ। রাজনৈতিক কথা বলার মতো অবস্থায় নেই। আমরা দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কথা বলেছি। তাকে জানিয়েছি, আমরা এক দফার আন্দোলন করছি। সামনের মাসে জোরদার আন্দোলন করবো, এটা বলেছি।
উনি বলেছেন, আপনারা যারা বাইরে আছেন তারা সবাই মিলে আন্দোলন করেন। আমি দেখতে চাই আপনার আন্দোলন করছেন, আন্দোলন করতে হবে।
মান্না আরও বলেন, আমাদের এই আন্দোলনে ওনার সমর্থন আছে। আমাদের একজন নেতা বলেছেন সরকার একটা নির্বাচনের জাল বিছানোর চেষ্টা করছে। উনি বলেছেন, কোনো অবস্থায় এই সরকারের অধীনে নির্বাচনী ফাঁদে পা দেওয়া যাবে না।
এসময় রাষ্ট্র সংস্কার আন্দোলনের সমন্বয়ক হাসনাত কাইয়ুম বলেন, উনি বলেছেন দেশকে বাঁচাতে হলে এই আন্দোলনটা করতে হবে। দেশকে রক্ষা করতে এই আন্দোলনে বিজয়ী হতে হবে।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।