খুলে দেয়া হলো মেঘনা-গোমতী সেতু টোলপ্লাজার নতুন ৫ লেন
কুমিল্লা সংবাদদাতা:
স্বস্তির ঈদযাত্রা নিশ্চিত করতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মেঘনা-গোমতী সেতু টোলপ্লাজার ঢাকাগামী সড়কের ৫টি নতুন লেন পরীক্ষামূলকভাবে খুলে দিয়েছে কর্তৃপক্ষ। গতকাল ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) দুপুর ১টায় লেনগুলো খুলে দেওয়া হয়।
সরেজমিনে দেখা যায়, মহাসড়কের মেঘনা-গোমতী সেতুর টোলপ্লাজায় ঢাকাগামী লেনের কাউন্টারগুলোতে যানবাহনের জট বেঁধে আছে। দ্রুত টোল গ্রহণের ব্যবস্থা না থাকায় এখানে কয়েক কিলোমিটার পর্যন্ত দীর্ঘ যানজট সৃষ্টি হচ্ছে। এদিকে সেতুর নিকটবর্তী নবনির্মিত পাঁচটি লেন খুলে দিতে কাজ করছে সেতু বিভাগের লোকজন।
মেঘনা-গোমতী সেতুর প্রকৌশলী পাবেল বলেন, টোলপ্লাজা এলাকা যানজটমুক্ত রাখতে ও যাত্রীদের স্বস্তির ঈদযাত্রা নিশ্চিত করতে নবনির্মিত ৫টি লেন উন্মুক্ত করা হয়েছে। মূলত লেনগুলো গত ২২ তারিখ উদ্বোধন করা হয়। টেকনিকেল কিছু কাজ বাকি ছিল, সেগুলো সম্পন্ন শেষে খুলে দেওয়া হয়।
এ বিষয়ে সড়ক ও জনপথ বিভাগ, নারায়ণগঞ্জের নির্বাহী প্রকৌশলী আব্দুর রহিম বলেন, সড়ক যানজটমুক্ত রাখতে পরীক্ষামূলকভাবে ৫টি লেন খুলে দেওয়া হয়েছে। আমাদের কিছু টেকনিক্যাল কাজ এখনো বাকি। যেমন বুথগুলোর স্টিক এখনো ইনস্টল করা হয়নি। তারপরও সড়কের পরিস্থিতি দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।