ক্ষমতায় থেকেও আমরা যেন বিরোধী দলের ভূমিকায় আছি -মির্জা আজম
সরকারের পতন ঘটাতে বিএনপি ষড়যন্ত্র করছে মন্তব্য করে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম বলেছেন, আমরা গেল বছর থেকে এমনভাবে রাজপথে আছি যেন আমরাই বিরোধী দলের ভূমিকা পালন করছি। বিএনপি যাতে জনগণের জানমালের ক্ষতি না করতে পারে এবং মানুষ পুড়িয়ে হত্যা করতে না পারে সেজন্যই আমাদের এমন ভূমিকা।
গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) রাজধানীর ২৩ বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের জরুরি বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। মির্জা আজম বলেন, বিরোধী দল বিএনপি বলেছে, তাদের টার্গেট হচ্ছে আগামী ৩০ অক্টোবরের মধ্যে তারা সরকারকে টেনে-হিঁচড়ে ক্ষমতা থেকে নামাবে। ১৯৭৫ ও ২০০১ সালের পর বাংলাদেশে যা ঘটেছিল, সরকারের পতন হলে সেরকম পরিস্থিতি হওয়ার আশঙ্কা প্রকাশ করেন তিনি।
বিএনপির আন্দোলনের সমালোচনা করে তিনি বলেন, ‘তারা শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করার ষড়যন্ত্র করছে। শেখ হাসিনা যদি ক্ষমতাচ্যুত হয়, তাহলে যে সরকারটি ক্ষমতায় আসবে তারা কারা? তারা এই বাংলাদেশে কী করবে? শেখ হাসিনা যদি ক্ষমতা হারায় তাহলে বাংলাদেশ পৃথিবীর মানচিত্র থেকে হারিয়ে যাবে। বাংলাদেশ তখন আফগানিস্তান বা পাকিস্তান হবে। সেজন্য তারা প্রকাশ্যে ঘোষণা দিয়ে রাজপথে মিছিল-মিটিং ও ষড়যন্ত্র করছে। তারা স্বাভাবিকভাবে সরকারের পতন ঘটাতে পারবে না। সেজন্য তারা ষড়যন্ত্রের পথ বেছে নিচ্ছে। তাদের নেতাকর্মীরা অস্ত্রসহ ধরা পড়ছে।
‘বিএনপি আবারো আগুন সন্ত্রাস করতে পারে। সে কারণে আমাদের আগামী নির্বাচন পর্যন্ত রাজপথে থাকতে হবে। রাজপথে থেকেই তাদের সব ষড়যন্ত্র রুখে দিতে হবে।’
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।