কিন্ডারগার্টেনের চেয়েও পিছিয়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা
পঠন ও গাণিতিক দক্ষতায় কিন্ডারগার্টেনের শিক্ষার্থীদের তুলনায় পিছিয়ে রয়েছে দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোর শিক্ষার্থীরা। জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমির (নেপ) সাম্প্রতিক গবেষণায় উঠে এসেছে এমন তথ্য। এতে কিন্ডারগার্টেন ও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীদের বাংলা ও গণিতে দক্ষতা এবং শিক্ষার্থীদের শিখন দক্ষতার পেছনে যে বিষয়গুলো ভূমিকা পালন করে সেগুলো তুলে ধরা হয়েছে। দক্ষতার যে মান বিবেচনা করে গবেষণাটি করা হয়েছে সে তুলনায় সরকারি প্রাথমিক বিদ্যালয় ও কিন্ডারগার্টেন উভয় প্রতিষ্ঠানেরই অধিকাংশ শিক্ষার্থীর বাংলায় দক্ষতা ৬০ শতাংশের কম এবং গণিতে দক্ষতা ৫০ শতাংশেরও কম। তবে এক্ষেত্রে তুলনামূলক অধিক খারাপ অবস্থায় রয়েছে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা।
গবেষণা প্রতিবেদনে শিক্ষার্থীদের পারফরম্যান্সের ক্ষেত্রে প্রভাবক হিসেবে যেসব বিষয় উঠে এসেছে সেগুলো হলো প্রধান শিক্ষকের নেতৃত্ব দক্ষতা, শিক্ষার্থীর উপস্থিতি, শিক্ষক প্রশিক্ষণ, শেখানোর পদ্ধতি, শিক্ষা উপকরণ, বাড়ির কাজ, মূল্যায়ন, পিতা-মাতার সহযোগিতা, পিতা-মাতার শিক্ষাগত যোগ্যতা, আর্থিক অবস্থা, কোচিং, গৃহশিক্ষক ইত্যাদি।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্কুল অব ইকোনমিকসের চেয়ারম্যান ড. কাজী খলীকুজ্জমান আহমদ বলেন, ‘আমাদের দেশে কিন্ডারগার্টেনগুলো তাদের শিক্ষার্থীদের তুলনামূলক বেশি পর্যবেক্ষণের মধ্যে রাখে। এছাড়া যেসব শিক্ষার্থী কিন্ডারগার্টেনে পড়ে তাদের অভিভাবকদের প্রায় সবাই আর্থিকভাবে সচ্ছল হওয়ায় বাড়িতেও শিক্ষকের ব্যবস্থা করেন। এসব কারণে কিন্ডারগার্টেনের শিক্ষার্থীরা দেখা যায় এগিয়ে থাকে। তবে দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে যদি প্রশিক্ষিত ভালো মানের শিক্ষক ও মনিটরিং নিশ্চিত করা যায় তাহলে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরাও এগিয়ে যাবে।’
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।