ঈদের ছুটিতে হাসি-ঠাট্টার কল ৮৩ হাজার
নিজস্ব প্রতিবেদক:
ঈদের ছুটির প্রথম সাতদিনে ৯৯৯-এ এমন অপ্রয়োজনীয় কল এসেছিল ৮২ হাজার ৮৬৫টি। ৯৯৯ জাতীয় জরুরি সেবা নম্বর। জরুরি প্রয়োজনে মানুষ সহায়তা চেয়ে ফোন দেয়। কিন্তু একদল মানুষ অবিবেচনাপ্রসূত অপ্রয়োজনীয় কল করে নম্বর ব্যস্ত রাখেন। এতে অনেকে প্রয়োজনীয় সেবা থেকেও বঞ্চিত হন।
৯৯৯ কর্তৃপক্ষ বলছে, জরুরি সেবাদানকারী প্রতিষ্ঠানে এভাবে অপ্রয়োজনীয় কল করলে জরুরি সেবা প্রদান বিঘিœত হয়। অনেক সময় জরুরি সেবা গ্রহণকারী ব্যক্তিকে অপেক্ষা করতে হতে পারে। যদিও প্রতি মুহূর্তে ৯৯৯-এ ১০০টি কল রিসিভ করার সক্ষমতা রয়েছে। পুলিশ, ফায়ার সার্ভিস ও অ্যাম্বুলেন্স সংক্রান্ত সেবা দেওয়ার পাশাপাশি চাহিদা অনুযায়ী অন্য জরুরি সেবাও দিচ্ছে ৯৯৯।
৯৯৯-এ মানুষ সেবা নেওয়ার জন্যই ফোন করে। তবে একদল দুষ্টু লোক এখনো ৯৯৯-এ মিসড কল কিংবা হাসি-তামাশার জন্য কল করেন। এর সংখ্যাও কম নয়। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে কাজ করছে পুলিশ। এবার ঈদে এমন কলের সংখ্যা ছিল অনেক। এবার ঈদের ছুটির সাত দিনে এমন ফোনকলের সংখ্যা ৮২ হাজার ৮৬৫টি।
৯৯৯-এ সাত দিনে ব্লাংক কল করা হয়েছে ৭০ হাজার ৯০৯টি, প্রাংঙ্ক কল করা হয়েছে ৪ হাজার ৩০০টি এবং মিসড কল এসেছে ৭ হাজার ৬৫৬টি।
জাতীয় জরুরি সেবা ৯৯৯–এর পুলিশের অতিরিক্ত ডিআইজি মহিউল ইসলাম বলেন, ‘৯৯৯ জরুরি মুহূর্তে পুলিশ, ফায়ার ও অ্যাম্বুলেন্স সেবাসহ বিভিন্ন তথ্যসেবার জন্য নির্ভরতার প্রতীকে পরিণত হয়েছে। কিন্তু ৯৯৯-এ বেশিরভাগ কলই অপ্রয়োজনীয়। অপ্রয়োজনীয় ফোনকল ওয়েটিং টাইম বাড়িয়ে দ্রুত সেবা নিতে বাধার সৃষ্টি করছে, যা বিপদে পড়া কলারকে সেবা পেতে দেরি করাচ্ছে ও ৯৯৯-এর সেবাদানকারীদের বিরক্তির কারণ হয়ে দাঁড়িয়েছে।’
টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ আইন ২০০১ এর ৭০(১) ধারায় বিরক্তিকর কলের জন্য এক লাখ টাকা জরিমানা, অনাদায়ে ছয় মাসের কারাদ-ের শাস্তির বিধান থাকলেও ৯৯৯ এখন পর্যন্ত কারও বিরুদ্ধে এ আইনে অভিযোগ আনা হয়নি।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।