আরও ২ ব্যাংকে উপজাতি সন্ত্রাসী কেএনএফের সশস্ত্র হামলা, অর্থ লুট
পুলিশের অস্ত্র ছিনতাই করে বান্দরবানের রুমার সোনালী ব্যাংকে লুট ও ব্যাংক ম্যানেজারকে অপহরণের রেশ কাটতে না কাটতেই থানচির সোনালী ও কৃষি ব্যাংকে শাখায় সশস্ত্র হামলা চালিয়ে অর্থ লুট করেছে উপজাতি সন্ত্রাসী সশস্ত্র গোষ্ঠী কুকি-চিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ)।
প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) বেলা সাড়ে ১২টার পর থানচির সোনালী ও কৃষি ব্যাংকের শাখায় কেএনএফে ৩০ জনের সশস্ত্র দল হামলা চালায়। ঘটনার সময় আতংকে উপজেলার সরকারি প্রতিষ্ঠানের কর্মচারীসহ স্থানীয়রা পালিয়ে যায়।
ঘটনার পর উপজেলাটির বাজারে থমথমে অবস্থা বিরাজ করছে। অনেকে পালিয়ে সাঙ্গু নদীর তীরে আশ্রয় নিয়েছে।
থানচি সোনালী ব্যাংকের ম্যানেজার শামসুল হুদা ও কৃষি ব্যাংকের ম্যানেজার হ্লাচিং থোয়াই জানায়, ৩০ জনের একটি দল সশস্ত্র পোষাক পরে হামলা করে। তবে নিরাপত্তা বাহিনীর দ্রুত তৎপরতার কারণে তারা দ্রুত স্থান ত্যাগ করে।
থানচির উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ মামুন বলেন, ‘সোনালী ও কৃষি ২টি ব্যাংকে লুট হয়েছে। তবে টাকার পরিমাণটা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ফাঁকা গুলি বর্ষণ করে বাজারের লোকজনদের কাছ থেকে মোবাইল ছিনিয়ে নিয়েছে সন্ত্রাসীরা।’
গত মঙ্গলবার রাত ৯টার দিকে কেএনএফের ৫০-৬০ জনের সশস্ত্র দল রুমার সোনালী ব্যাংকে ঢুকে অস্ত্রের মুখে ব্যাংকের পাহারায় থাকা পুলিশ, আনসার সদস্যদের দুটি সাব-মেশিন গান ও এর ৬০ রাউন্ড গুলি, আটটি চাইনিজ রাইফেল ও এর ৩২০ রাউন্ড গুলি এবং চারটি শর্টগান ও ৩৫ রাউন্ড গুলি লুট করে তারা। এসময় ব্যাংক ম্যানেজার নিজাম উদ্দিনকে অপহরণ করে নিয়ে যায়।
ঘটনার পর ১৪ ঘন্টা পার হলেও ব্যাংকের ম্যানেজারকে উদ্ধার করা যায়নি। এখনও কোনো মামলাও হয়নি। পরপর দুদিন ব্যাংক লুটের ঘটনায় স্থানীয়দের মধ্যে আতংকের পাশাপাশি ফের আলোচনায় এসেছে কেএনএফ।
রুমা ও থানচির ঘটনা নিয়ে আইজিপি বলেন, ‘তারা পুলিশ ও আনসারের অস্ত্র নিয়েছে, ম্যানেজারকে নিয়েছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে। আমাদের সক্ষমতা রয়েছে, কোনো ঘাটতি নেই, তাদের বিরুদ্ধে যথাযথ কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’
জেলা প্রশাসক বলেন, ‘আমরা একটু অসুবিধায় রয়েছি। এই ঘটনার পর সিআইডিসহ সব সংস্থা একযোগে কাজ করছে, সবকিছু স্বাভাবিক রাখার চেষ্টা করছি, এখনও আতংকিত হওয়ার মতো কিছুই নেই।’
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।