আম্রিকার অতিরিক্ত ১০% শুল্কভারও নিতে চাচ্ছেন না ক্রেতারা
দেশভেদে ভিন্ন ভিন্ন হারে রেসিপ্রোকাল বা পাল্টা শুল্কারোপের ঘোষণা ৯০ দিনের জন্য স্থগিত করেছে যুক্তরাষ্ট্র। তবে প্রত্যেক দেশের ওপর বহাল রাখা হয় ১০ শতাংশ পাল্টা শুল্ক। দেশটিতে পোশাক সরবরাহকারী বাংলাদেশী তৈরি পোশাক শিল্পের মালিকরা বলছেন, যুক্তরাষ্ট্রে পণ্য রফতানিতে গড়ে ১৪.১ শতাংশ শুল্ক আদায় করা হতো। এখন পাল্টা শুল্ক বাবদ অতিরিক্ত ১০ শতাংশের ভার এককভাবে ক্রেতারা নিতে চাচ্ছেন না। শুল্কের একটি অংশের ভার তারা রফতানিকারককে বহন করতে বলছেন। ক্ষেত্রবিশেষে অতিরিক্ত শুল্কের পুরোটাই রফতানিকারককে পরিশোধে চাপ দেয়া হচ্ছে।
বাংলাদেশ থেকে পোশাক ক্রয় করে এমন ক্রেতা প্রতিষ্ঠানের মধ্যে কয়েকটি প্রতিষ্ঠানের ঢাকা কার্যালয়ে কর্মরতদের সঙ্গে যোগাযোগ করে শুল্কভার ভাগাভাগির সমঝোতা বিষয়ে জানতে চাওয়া হলে তারা কোনো ধরনের মন্তব্য করতে অপারগতা প্রকাশ করে।
তবে সংশ্লিষ্ট একাধিক সূত্র নিশ্চিত করেছে যে, যুক্তরাষ্ট্রভিত্তিক ক্রেতা প্রতিষ্ঠানের অধিকাংশই অতিরিক্ত ১০ শতাংশ শুল্কভার সমঝোতা অনুযায়ী পোশাক প্রস্তুতকারকের সঙ্গে ভাগ করে নিচ্ছেন। এক্ষেত্রে সমঝোতা না হলে চলমান ক্রয়াদেশ জাহাজীকরণ অনুমোদন প্রক্রিয়া বিলম্বিত হচ্ছে। অন্যদিকে ভবিষ্যৎ ক্রয়াদেশের ক্ষেত্রে মূল্য কমানোর চাপের পাশাপাশি চুক্তি চূড়ান্ত করার আলোচনায় অগ্রসর হওয়া যাচ্ছে না।
বিদেশী ক্রেতা প্রতিষ্ঠানের বাংলাদেশী কার্যালয়ের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘যুক্তরাষ্ট্রের পোশাক ক্রেতাদের অধিকাংশই অতিরিক্ত শুল্কভার রফতানিকারকদের ওপর চাপাতে চাইছে। কয়েকটি ক্রেতা প্রতিষ্ঠান যেমন পিভিএইচ একটি ঘটনায় ১০ শতাংশের মধ্যে ৮ শতাংশ শুল্কভার নিজে বহন করছে, বাকি ২ শতাংশ দিয়েছে পোশাক রফতানিকারকের কাঁধে। তবে বেশিরভাগ ক্ষেত্রে ক্রেতারা নৈতিক ক্রয়চর্চা করছেন না।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।