আবার তিন দিনের ছুটি, ঢাকায় ফেরার চাপ কম
নিজস্ব সংবাদদাতা:
ঈদুল ফিতরের ছুটি কাটিয়ে কর্মস্থলে ফিরতে শুরু করেছেন রাজধানী থেকে গ্রামে যাওয়া সরকারি-বেসরকারি চাকরিজীবীরা। তবে আজ থেকে আবার তিন দিনের ছুটি থাকায় অনেকে নতুন করে ঢাকা ছেড়ে যাচ্ছেন।
স্বাধীনতা ও জাতীয় দিবস এবং ২ দিনের সাপ্তাহিক ছুটির আগে গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) রাজধানীর রেলস্টেশনগুলোতে দেখা গেছে মিশ্র চিত্র। ঢাকায় ফেরার চাপ যেমন আছে তেমনি ঢাকা ছাড়ছেন এমন মানুষের সংখ্যাও প্রচুর দেখা গেছে।
এদিকে, গত দুদিনের মতো সকালেও ট্রেনের শিডিউল বিপর্যয়ের কারণে যাত্রীদের ভোগান্তি পোহাতে হচ্ছে।
সকালে কমলাপুর রেলওয়ে স্টেশন ঘুরে দেখা যায়, বিভিন্ন জেলা থেকে আসা ট্রেনগুলোতে যাত্রীদের ভিড় তুলনামূলক কম।
ঈদের সাত দিনের ছুটি শেষে গত দুই দিন অফিস-আদালত খোলা ছিল। আজ থেকে শুরু হচ্ছে তিন দিনের ছুটি। যারা ঈদের ছুটিতে বাড়ি যেতে পারেননি, তারা এই সুযোগে পরিবারের সঙ্গে সময় কাটাতে ঢাকা ছাড়ছেন। আবার গত সাত দিন গ্রামে কাটিয়ে ঢাকায় ফিরে মাত্র দুদিন অফিস করেই অনেকে ফের গ্রামের বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছেন।
রেল কর্তৃপক্ষ জানিয়েছে, বিকেল থেকে বিভিন্ন গন্তব্যে ছেড়ে যাওয়া ট্রেনগুলোর অগ্রিম টিকিট অনেক আগেই শেষ হয়ে গেছে। যাত্রীরা আগে থেকেই এই তিন দিনের ছুটির পরিকল্পনা করে রেখেছিলেন।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।