৮৫ জাতের আঙুর চাষে সফল কামরুজ্জামান
সদর উপজেলার চাঁদপুর-মতলব পেন্নাই সড়কের কালিভাংতি এলাকায় প্রধানিয়া এগ্রোতে দেখা মিলছে রসালো আঙুর। বাঁশের মাচায় ঝুলে থাকা সবুজ আঙুর দূর থেকে পথচারীদের নজর কাড়ছে। ফলন ভালো হওয়ায় বাগান থেকে ৫০ কেজি এরই মধ্যে বাজারজাতও করেছেন। এতে লাভের মুখ দেখছেন উদ্যোক্তা কামরুজ্জামান।
উদ্যোক্তা কামরুজ্জামান প্রধানিয়া বলেন, ২০২১ সালে শখের বশে আঙুর চাষ শুরু করি। প্রথমে ছাদ বাগান, পরে জমিতে বাণিজ্যিকভাবে আঙুর চাষ শুরু করবো। আমার বাগানে ১২০টি মাতৃগাছে ফুল ফুটতে শুরু করেছে। এরই মধ্যে ৫০ কেজির মতো বাজারে বিক্রি করেছি। সবমিলিয়ে দেড়শ কেজি ফলন হওয়ার সম্ভাবনা দেখছি।
চাঁদপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ মোহাম্মদ আবু তাহের বলেন, আঙুর দোআঁশযুক্ত লালমাটি, জৈবিক সার সমৃদ্ধ কাঁকর জাতীয় মাটি এবং পাহাড়ের পাললিক মাটিতে ভালো হয়। জমি অবশ্যই উঁচু হতে হবে। যেখানে পানি দাঁড়িয়ে থাকবে না। প্রচুর সূর্যের আলো পড়বে এমন জায়গা আঙুর চাষের জন্য নির্বাচন করতে হবে। চাঁদপুরের মাটিতে আঙুরের ফলন বেশ ভালো হয়েছে। এই ধরনের কার্যক্রম দেশব্যাপী ছড়িয়ে দেওয়া হলে নতুন নতুন উদ্যোক্তা তৈরি করা সম্ভব।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।