৪ টন সরকারি বই বিক্রি, অধ্যক্ষকে শোকজ নোটিশ
কলাপাড়ায় সরকারি বিনামূল্যের বই ফেরিওয়ালাদের কাছে কেজি দরে বিক্রির অভিযোগ উঠেছে মাদরাসা অধ্যক্ষের বিরুদ্ধে। রোববার (১১ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার মহিপুর থানার মোয়াজ্জেমপুর গ্রামে এ ঘটনা ঘটে।
খবর পেয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কৌশিক আহমেদ ট্রাকে থাকা প্রায় ৪ টন বই জব্দ করেন। যার বাজার মূল্য আনুমানিক ৫ লাখ টাকা ধার্য্য করা হয়।
উপজেলার মোয়াজ্জেমপুর সালেহীয়া আলিম মাদরাসার প্রধান শিক্ষক এ কে এম আবুবকর সিদ্দিক ও বাংলা প্রভাষক হাসান এবং অধ্যক্ষের ছেলে অফিস সহকারী মিরাজ রবিবার রাতে গোপনে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড প্রণীত ২০২১-২২ শিক্ষাবর্ষের ষষ্ঠ থেকে দশম শ্রেণির বিভিন্ন বিষয়ের সরকারি বিনামূল্যের বই কেজি দরে ফেরিওয়ালার কাছে বিক্রি করে।
সরকারি বই বিক্রির বিষয়ে অভিযুক্ত প্রধান শিক্ষক আবুবকর এর কাছে জানতে চাইলে তিনি বিষয়টি স্বীকার করেন। তিনি বলেন, ‘আমি একা নই স্কুলের অন্য শিক্ষকদের সঙ্গে রেজুলেশন করে বইগুলো বিক্রি করেছি।’
সরকারি বই বিক্রি করা বৈধ কিনা? এ বিষয়ে জানতে চাইলে তিনি কোন উত্তর দেননি।
কলাপাড়া উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা গোলাম মোস্তফা এ বিষয়ে বলেন, ‘বিক্রি করা বইগুলো জব্দ করেছি। অধ্যক্ষকে (আবুবকর সিদ্দিক) কারণ দর্শানো নোটিশ দেওয়া হয়েছে। পাঁচ দিনের মধ্যে শিক্ষককে নোটিশের জবাব দিতে বলা হয়েছে। পরে তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।