৪ কোটি টাকার কাজ ২৬ কোটিতে করছে আইএমইডি!
নিজস্ব প্রতিবেদক:
দেশের উন্নয়ন প্রকল্পগুলোর সঠিক বাস্তবায়ন, তদারকি ও জবাবদিহিতা নিশ্চিত করার মূল দায়িত্ব ন্যস্ত থাকে পরিকল্পনা মন্ত্রণালয়ের অধীন বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের (আইএমইডি)। অথচ বিভাগটি নিজেই এখন ব্যাপক দুর্নীতি ও অনিয়মের আখড়ায় পরিণত হয়েছে- অভিযোগ সংশ্লিষ্টদের। জনগণের ট্যাক্সের কোটি কোটি টাকা ‘নিবিড় পরিবীক্ষণ ও প্রভাব মূল্যায়ন’ -এর নামে কৌশলে লুটপাট করা হচ্ছে। যেখানে মাত্র চার কোটি টাকায় কাজ সম্পন্ন করা যেত, সেখানে অনৈতিকভাবে ২৬ কোটি টাকা ব্যয় করা হচ্ছে। বিশাল অঙ্কের অর্থের এমন অপচয় দেশের উন্নয়ন বাজেটের সুষ্ঠু ব্যবহার নিয়ে গুরুতর প্রশ্ন তুলেছে।
একাধিক কর্মকর্তার দাবি, ২৬ কোটি টাকার কাজ আইএমইডি নিজস্ব জনবল দিয়ে অত্যন্ত দক্ষতার সঙ্গে সম্পন্ন করতে পারে। বিভাগটির নিজস্ব পরিপত্রে উল্লেখ আছে, নিজস্ব জনবল দিয়েও এ ধরনের সমীক্ষা চালানো যাবে। সেক্ষেত্রে, প্রতিটি প্রকল্পের জন্য সর্বোচ্চ পাঁচ লাখ টাকা পর্যন্ত খরচ হতে পারে। সেই হিসাবে ৭৬টি প্রকল্পের জন্য মোট ব্যয় হবে মাত্র তিন কোটি ৮০ লাখ টাকা। কিন্তু আউটসোর্সিংয়ের মাধ্যমে ফার্ম নিয়োগ করায় ৭৬টি প্রকল্প মূল্যায়নে মোট ব্যয় হচ্ছে ২৬ কোটি টাকা। নিজস্ব জনবল দিয়ে এ কাজ করলে জনগণের প্রায় ২২ কোটি টাকা সাশ্রয় করা যেত।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।