২৮ অক্টোবর রাস্তাঘাট বন্ধ করব না, পিটার হাসকে স্বরাষ্ট্রমন্ত্রী
আগামী ২৮ অক্টোবর রাজধানীতে বিএনপির মহাসমাবেশ ঘিরে সরকার ঢাকায় প্রবেশের সব রাস্তাঘাট বন্ধ করে দেবে কি না জানতে চেয়েছে বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস।
গতকাল ইয়াওমুল আহাদ (রোববার) সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে এক সৌজন্য সাক্ষাৎকালে সে বিএনপির সমাবেশের দিন সরকারের কী ভূমিকা থাকবে জানতে চায়।
বৈঠকের পর স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের এ তথ্য জানান।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বৈঠকে সে জানতে চেয়েছে বিএনপি যে একটি বিরাট কর্মসূচি দিয়েছে সেখানে অনেক লোক নিয়ে আসবে, আপনারা রাস্তাঘাট বন্ধ করে দেবেন কি না, কিংবা আপনারা অন্য কিছু করবেন কি না।
তিনি বলেন, আমরা বলেছি ওই ধরনের কোনো প্রোগ্রাম আমাদের নেই। আমরা মনে করি, তারা যে রাজনৈতিক এজেন্ডা দিয়েছেন, তারা শান্তিপূর্ণভাবে করবেন। কর্মসূচি যদি তারা শান্তিপূর্ণভাবে পালন করেন, তবে আমাদের কিছু বলার নেই ।
তিনি আরও বলেন, তবে এটাও মনে রাখতে হবে ঢাকা যানজটের শহর। এখানে ১০ লাখের বেশি লোক নিয়ে আসা হলে একটা মিস ম্যানেজমেন্ট হতে পারে। যাতে সেটা না হয়, রাজনৈতিক দল যাতে রাস্তাঘাট বন্ধ না করে, তারা যেন মানুষের যাতায়াতের সুযোগ রাখে এই অনুরোধ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে করা হচ্ছে।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সচেষ্ট থাকবে শহর যাতে অচল না হয়, কোনো ধরনের ভায়োলেন্স (সহিংসতা) না হয়। বিদেশগামী যাত্রী, চিকিৎসাপ্রার্থীরা যাতে শহরে আসতে এবং বের হতে পারে সেই ব্যবস্থা করা হবে।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।