কিশোর গ্যাংয়ের হাতে প্রাণ গেল স্কুলছাত্রের
বন্ধুদের সঙ্গে কথা কাটাকাটির জেরে ১০ম শ্রেণির ছাত্র মোস্তাফিজুর রহমান সিয়ামকে কুপিয়ে হত্যা করেছে কিশোর গ্যাংয়ের সদস্যরা।
শনিবার রাত দশটার দিকে পাবনা শহরের শান্তিনগর এলাকায় এ হত্যাকা- ঘটেছে। নিহত সিয়াম শহরের পৈলানপুর পাওয়ার হাউজপাড়া মহল্লার ইব্রাহিম আলীর ছেলে আর এম অ্যাকাডেমির দশম শ্রেণির ছাত্র।
পুলিশ ও স্থানীয়রা জানায়, শনিবার সন্ধ্যায় রাধানগর রথঘর এলাকায় সিয়ামের সঙ্গে বন্ধু সৈকত, আরিফসহ আরও কয়েকজনের কথা কাটাকাটি ও হাতাহাতি হয়। এ ঘটনার পর রাতে শান্তিনগর এলাকায় সিয়ামকে একা পেয়ে কিশোর গ্যাংয়ের সদস্যরা কুপিয়ে গুরতর আহত করে। এরপর স্থানীয়রা তাকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত সিয়ামের বাবা ইব্রাহিম আলী জানান, ছেলেকে কুপানোর খবর পেয়ে জেনারেল হাসপাতালে গিয়ে দেখি মারা গেছে। কী কারণে কারা ছেলেকে মেরেছে তা কিছুই বুঝতে পারছি না।
পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রওশন আলী জানান পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এছাড়া হাসপাতালে নিহতের স্বজনদের সঙ্গে কথা বলে বিস্তারিত জানার চেষ্টা করা হচ্ছে। পাশাপাশি অভিযুক্তদের প্রেফতারে পুলিশের অভিযান চলছে।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।