২২ লাখ পশু উদ্বৃত্ত, চড়া দাম হাঁকালে মাথায় হাত পড়বে -প্রাণিসম্পদ মন্ত্রী
চলতি বছর কোরবানির পশুর চাহিদার চেয়ে যোগান বেশি আছে। এ অবস্থায় কেউ ছলচাতুরি করে গরুর দাম বাড়ালে তাদের মাথায় হাত পড়বে বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী আব্দুর রহমান।
গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) সচিবালয়ে নিজস্ব সম্মেলন কক্ষে মিঠা পানির মাছ আহরণে বাংলাদেশ বিশ্বে তৃতীয় থেকে দ্বিতীয় অবস্থানে উত্তরণ বিষয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, এ বছর কোরবানির পশুর চাহিদা ১ কোটি ৭ লাখ, সেখানে প্রস্তুত আছে প্রায় ১ কোটি ৩০ লাখ। চাহিদার চেয়ে যোগান বেশি আছে।
চাহিদার চেয়ে যোগান বেশি থাকলে গরুর দাম এতো বেশি কেন অর্থাৎ প্রতি কেজি গোশতের দাম ১০০০ টাকা কেজির বেশি কেন প্রশ্ন করা হলে মন্ত্রী বলেন, বাজারে কারসাজি করে দাম বৃদ্ধি করলে বাজার নিয়ন্ত্রণে সকল ধরনের ব্যবস্থা নেওয়া হবে। তবে দাম নির্ধারণের দায়িত্ব আমাদের না। এটি বাজারের ওপর নির্ভর করে।
জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) দ্যা স্টেট অব ওয়ার্ল্ড ফিশারিজ এন্ড অ্যাকুয়াকালচার ২০২৪ এর প্রতিবেদন অনুযায়ী, বাংলাদেশ মিঠা পানির মাছ উৎপাদনে তৃতীয় স্থান থেকে চীনকে টপকে দ্বিতীয় স্থানে উত্তরণ করেছে। এব্যাপারে মন্ত্রী বলেন, দেশ স্বাধীন হওয়ার পর ১৯৭৩ সালে বঙ্গবন্ধু আবেগপ্রবণ হয়ে বলেছিলেন- আমার জমি আছে, পাট আছে, মাছ আছে এসব ডেভেলপ করতে পারলে এদিন আর থাকবে না। তার সেই কথা ৪৬ বছর পর বাস্তবায়ন হয়েছে।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।