স্যালাইন দেয়ার পর ‘কিডনি অকেজো হয়ে’ চার প্রসূতির মৃত্যু
রাজশাহীতে সিজারিয়ান অস্ত্রোপচারের আগে স্যালাইন দেওয়ার পর ‘কিডনি অকেজো হয়ে’ অন্তত চার প্রসূতির মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। সম্প্রতি রাজশাহীর ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ হাসপাতালে তাঁদের মৃত্যু হয়। হাসপাতালটিতে গুরুতর অসুস্থ হয়ে পড়া দুই নারী এখনো নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি রয়েছেন।
অভিযোগ উঠেছে, মৃত্যুর ঘটনা ধামাচাপা দিতে মারা যাওয়া নারীদের মধ্যে দুই-একজনের স্বজনদের ‘ম্যানেজ’ করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। এদিকে ওই স্যালাইন পরীক্ষা-নিরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। ছয় সদস্যের একটি তদন্ত কমিটিও গঠন করা হয়েছে। তবে বিষয়টি জেলা সিভিল সার্জন কিংবা স্বাস্থ্য পরিচালকের কার্যালয়ে জানায়নি বেসরকারি এই হাসপাতাল।
রাজশাহীর সিভিল সার্জন ডা. আবু সাইদ ফারুক বলেন, ‘কিছুক্ষণ আগে ঘটনাটা শুনলাম, সেটাও অন্য মাধ্যমে। হাসপাতাল কর্তৃপক্ষ আমাদের কিছু জানায়নি। আমরা সব তথ্য চেয়েছি হাসপাতাল থেকে। বিষয়টি তদন্ত করে দেখব। হাসপাতালের গাফিলতি থাকলে ব্যবস্থা নেওয়া হবে।’
এ বিষয়ে জানতে চাইলে রাজশাহী বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. আনোয়ারুল কবির বলেন, ‘স্বাস্থ্য বিভাগকে ঘটনাটি না জানিয়ে হাসপাতাল কর্তৃপক্ষ অন্যায় করেছে। এটা খুবই স্পর্শকাতর ব্যাপার। আমাদের জানানো উচিত ছিল। আমরা জানতে পারলে আমাদের মতো করে সতর্কতামূলক ব্যবস্থা নিতে পারতাম। তারা কেন আমাদের কাছে এটা লুকিয়েছে, তা খতিয়ে দেখা হবে।’
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।