সুপারিশ পেয়েও চাকরি না পাওয়া ২৫৯ জনকে নিয়োগ
বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) থেকে নিয়োগের সুপারিশ পেয়েও নেতিবাচক প্রতিবেদনের (ভেরিফিকেশন) কারণে চূড়ান্ত প্রজ্ঞাপনে নাম না আসায় আটকে গেছেন এমন ২৫৯ জন চাকরিপ্রার্থী গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) নিয়োগ পেয়েছেন।
জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। এসব প্রার্থীকে আগামী ১ সেপ্টেম্বরের মধ্যে যোগ দিতে বলা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, ২৮তম থেকে ৪২তম বিসিএস পর্যন্ত পিএসসির সুপারিশক্রমে ২৫৯ জন প্রার্থীকে বাংলাদেশ সিভিল সার্ভিসের বিভিন্ন ক্যাডারের প্রবেশিকা পদে জাতীয় বেতনস্কেল, ২০১৫ অনুসারে ২২০০০-৫৩০৬০ টাকা বেতনে নিয়োগ দেওয়া হলো।
এসব প্রার্থীকে দুই বছর শিক্ষানবিশ হিসেবে কাজ করতে হবে। প্রয়োজনে সরকার এ শিক্ষানবিশকাল অনূর্ধ্ব দুই বছর বর্ধিত করতে পারবে। নির্ধারিত তারিখে যোগদান না করলে তিনি চাকরিতে যোগদান করতে সম্মত নন মর্মে ধরে নেওয়া হবে এবং এ নিয়োগপত্র বাতিল বলে গণ্য হবে।
নিয়োগের সময় এসব প্রার্থীকে একজন জামানতদারসহ ৩০০ টাকা মূল্যের নন-জুডিশিয়াল স্ট্যাম্পে এ মর্মে একটি বন্ড স্বাক্ষর করতে হবে যে যদি তিনি শিক্ষানবিশকালে অথবা শিক্ষানবিশকাল উত্তীর্ণ হওয়ার তিন বছরের মধ্যে চাকরিতে ইস্তফা দেন, তবে প্রশিক্ষণকালে তাকে দেওয়া বেতন-ভাতা ও প্রশিক্ষণের জন্য ব্যয় করা সব অর্থ ফেরত দিতে বাধ্য থাকবেন।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।