সাগরে লঘুচাপের শঙ্কা, কেমন থাকবে আবহাওয়া
দক্ষিণ বঙ্গোপসাগরের মধ্যাঞ্চলে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে বলে আশঙ্কা করছে আবহাওয়া অফিস। এ অবস্থায় কয়েকদিন অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।
গতকাল ইয়াওমুস সাবত (শনিবার) আবহাওয়াবিদ ওমর ফারুকের স্বাক্ষর করা বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বাড়তি অংশ বিহার এবং এর কাছাকাছি এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর বাড়তি অংশ উত্তরপূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। রোববার (৮ ডিসেম্বর) সকালের মধ্যে দক্ষিণ বঙ্গোপসাগরের মধ্যাঞ্চলে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। এ অবস্থায় আগামী কয়েক দিন অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে।
আবহাওয়া অফিস বলছে, আজ রোববার (৮ ডিসেম্বর) সারা দেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। কিন্তু রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। পরদিন সোমবার (৯ ডিসেম্বর) দিনের তাপমাত্রা সমান্য কমতে পারে এবং রাতের তাপমাত্রা বাড়তে পারে।
আর বর্ধিত ৫ দিনের আবহাওয়ার অবস্থায় বলা হয়েছে, রাত ও দিনের তাপমাত্রা কমতে পারে। এছাড়া আগামী কয়েক দিন শেষ রাত থেকে ভোর পর্যন্ত সারা দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।