সন্ত্রাসীদের মূলোৎপাটনের চেষ্টা চলছে -স্বরাষ্ট্রমন্ত্রী
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, সন্ত্রাসীদের মূলোৎপাটনে আমরা সক্ষম হইনি, তবে চেষ্টা চলছে। সবকিছুই নিয়ন্ত্রণে নিয়ে এসেছি। আমাদের গোয়েন্দা সংস্থা, নিরাপত্তা বাহিনী, পুলিশ, র্যাব আন্তরিকতার সঙ্গে কাজ করছে। ফলে আন্তর্জাতিকভাবে যে সন্ত্রাসীদের উত্থান হয়েছিল, দেশকে যারা অকার্যকর করতে চেয়েছিল আমরা তাদের দমন করতে পেরেছি।
গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) রাজধানীর মিরপুর পুলিশ স্টাফ কলেজে পুলিশ মেমোরিয়াল ডের অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশে যখন নির্বাচন আসে তখন সব রাজনৈতিক দল মাঠে থাকে। নির্বাচন এলে রাজনৈতিক দল কর্মতৎপর হয়। তারা নিজস্ব কথা বলতে চেষ্টা করে। যুগ যুগ ধরে এ অবস্থায় চলে আসছে। নির্বাচন যতই কাছে আসবে, ততই মানুষের মনে উৎসাহ-উদ্দীপনা বাড়াতে থাকবে।
তিনি বলেন, রাজনৈতিক পরিস্থিতি এখনও উত্তপ্ত হয়নি। সবাই যার যার মতো কাজ করছে। উত্তপ্ত হওয়ার কোনও কারণ নেই বলে আমি মনে করি।
বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় হামলা চালানোর বিষয়ে সন্ত্রাসী সংগঠনগুলো থেকে চিঠি পাঠানো হয় এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এ ধরনের অনেক হুমকি আসে। আমরা সবকিছুই চিহ্নিত করতে কাজ করছি।’
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।