শ্রমিকদের বিক্ষোভ, ৩৫টি কারখানা ছুটি ঘোষণা
ঢাকার সাভারের আশুলিয়ায় পোশাক কারখানায় শ্রমিক ছাঁটাই বন্ধ, হাজিরা বোনাস প্রদান, শ্রমিক নিয়োগ, আন্দোলনকারী শ্রমিকদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা না নেওয়াসহ ১১ দফা দাবিতে বিক্ষোভ হয়েছে। গতকাল ইয়াওমুল ইছনাইনল আযীম (সোমবার) কারখানার শ্রমিক ও চাকরিপ্রত্যাশীরা এ কর্মসূচি শুরু করেন। এ অবস্থায় আশুলিয়ার বিভিন্ন এলাকার অন্তত ৩৫টি কারখানা ছুটি ঘোষণা করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
দুপুর সাড়ে ১২টার দিকে আশুলিয়ায় শিল্পাঞ্চল পুলিশ-১-এর পুলিশ সুপার মোহাম্মদ সারোয়ার আলম বলেন, বিভিন্ন কারখানার শ্রমিকেরা শ্রমিক ছাঁটাই বন্ধ, হাজিরা বোনাসসহ নানা দাবিতে বিক্ষোভ করেছেন। ডিইপিজেডের সামনে চাকরির দাবিতে বিক্ষোভ করে সড়ক অবরোধ করে রেখেছেন বিক্ষুব্ধ লোকজন। এমন পরিস্থিতিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ৩৫ থেকে ৪০টি কারখানা ছুটি ঘোষণা করেছে।
এদিকে গত কয়েকদিন ধরেই চলছে শিল্পাঞ্চলে অস্থিরতা। ভালো বেতন, চাকরি নিয়মিতকরণ ও দুই দিন সাপ্তাহিক ছুটির দাবিতে শ্রমিকদের বিক্ষোভের মধ্যে গত শনিবার ও রোববার প্রায় ১০টি পোশাক ও ২০টি ওষুধ কারখানায় উৎপাদন বন্ধ ছিল। রাজধানীর পাশের সাভার, আশুলিয়া, ধামরাই ও গাজীপুরে এ বিক্ষোভ হয়।
এসিআই হেলথকেয়ারের ব্যবস্থাপনা পরিচালক এম মহিবুজ জামান বলেন, শ্রমিকদের ধর্মঘট অব্যাহত থাকলে এ শিল্পে দীর্ঘমেয়াদি প্রভাব পড়বে।
তিনি বলেন, ১০ দিন আগে হঠাৎ করেই ওষুধ কারখানায় এই পরিস্থিতি শুরু হয়। আমার সন্দেহ হচ্ছে, এর পেছনে কোনো ষড়যন্ত্র আছে।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।