শেখ হাসিনার ভিসা বাতিল করল যুক্তরাষ্ট্র
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিসা বাতিল করেছে যুক্তরাষ্ট্র। বাংলাদেশের বিরোধী দলগুলোর সূত্রের বরাতে এই তথ্য জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের সহযোগী সংবাদমাধ্যম নিউজ-১৮।
অন্য একটি সূত্র জানিয়েছে, ক্ষমতাচ্যুত শেখ হাসিনাকে আশ্রয় দিতে ইচ্ছুক নয় যুক্তরাজ্য।
শেখ হাসিনার সঙ্গে গতকাল বাংলাদেশ থেকে ভারতে পালিয়ে যান তার ছোট বোন শেখ রেহানাও। তবে রেহানার যুক্তরাজ্যের নাগরিকত্ব রয়েছে। একটি সূত্র জানিয়েছে, রেহানা অল্প সময়ের মধ্যে যুক্তরাজ্যে যাবেন। তবে তার সঙ্গে হাসিনাও যাবেন কিনা সেটি নিশ্চিত নয়।
বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ অন্যান্য মন্ত্রীদের ভিসা প্রত্যাহার নিয়ে মন্তব্য করতে রাজি নয় ঢাকার মার্কিন দূতাবাস।
গতকাল মঙ্গলবার ঢাকায় মার্কিন দূতাবাসের কাছে গণমাধ্যমের পক্ষ থেকে জানতে চাওয়া হয়, যুক্তরাষ্ট্র শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা, সাবেক সরকারের মন্ত্রী, উপদেষ্টা ও কর্মকর্তাদের মার্কিন ভিসা প্রত্যাহার করেছে কিনা।
এ বিষয়ে ঢাকার মার্কিন দূতাবাসের মুখপাত্র স্টিফেন ইবেলি বলেছে, ভিসা রেকর্ডগুলো মার্কিন আইনের অধীনে গোপনীয়। তাই, আমরা পৃথক ভিসার বিষয়ে বিস্তারিত আলোচনা করি না।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।