‘শেখ হাসিনার বিকল্প কে’ এমন প্রশ্ন তুলেছিলো লুটতরাজরা -রিজভী
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, শেখ হাসিনাকে ক্ষমতায় রেখে অর্থবিত্তের মালিক হওয়া যায়, ক্ষমতায় থেকে লুটপাট করে টাকা পাচার করা যায়, এই ধরনের ব্যক্তিরাই বলেছিলেন ‘শেখ হাসিনার বিকল্প কে?
গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) রাজধানীর শনিরআখড়া এক মানবিক কর্মসূচিতে তিনি এসব কথা বলেন।
রিজভী বলেন, একটা ভয়ঙ্কর দুঃসময় আমরা অতিক্রম করে এসেছি। এখান থেকে আমি যদি অন্তবর্তী সরকারের সমালোচনা করে বের হয়ে যাই, কোনো গোয়েন্দা পুলিশ এসে আমাকে গ্রেফতার করবে না। গ্রেফতার করে আয়নাঘরে নিয়ে যাবে না। নির্ভয়ে পথ চলতে পারি। এই পরিবেশটির জন্যই গত ১৫-১৬ বছর ধরে বিএনপি নিরন্তর সংগ্রাম করেছে। এই সংগ্রামে আমাদের অগণিত কর্মী-নেতারা গুম-খুনের শিকার হয়েছেন। এর একটাই কারণ আমরা কথা বলতে চাই, স্বাধীনভাবে রাজনৈতিক মতামত প্রকাশ করতে চাই। অন্যের সাথে আমার দ্বিমত থাকতে পারে। কিন্তু তার কথা বলার অধিকার প্রতিষ্ঠার জন্য আমি জীবনও দিতে পারি। এটাই গণতন্ত্রের মূল মন্ত্র।
প্রধানমন্ত্রীর ছেলে সজীব ওয়াজেদ জয় বিদেশে কিভাবে জীবন যাপন করেন, দেশের কত টাকা বেতন পান এ বিষয়ে প্রশ্ন করার কারো ক্ষমতা ছিল না- মন্তব্য করে তিনি বলেন, এ বিষয়ে লিখেছিলেন বয়োজ্যেষ্ঠ সাংবাদিক শফিক রেহমান, তাকে তুলে নিয়ে গ্রেফতার করে কী অমানবিক নির্যাতন করা হয়েছে! ৭২ থেকে ৭৫ এ শেখ হাসিনার বাবার আমলেও একই ভয়াবহ অবস্থা ছিল। রক্ষী বাহিনীর সেই বীভৎস কাহিনী এখনো অনেকে ভুলতে পারে না, যারা সেই সময় যুবক ছিল। বাবার অপশাসনের কথা যদি মেয়ের আমলে কেউ বলতো তবে তাকে আর ফিরে পাওয়া যেত না। একেবারে দেশটাকে পারিবারিক সম্পত্তি করেছিলেন শেখ হাসিনা। তার পরিবার ও কাছের লোকরা যত কুকর্ম করুক, তাদের বিরুদ্ধে কথা বলা যাবে না।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।