রাষ্ট্র সংস্কারের সঙ্গে ‘নির্বাচনী রোডম্যাপ’ ঘোষণা জরুরি -সালাহউদ্দিন
কক্সবাজার সংবাদদাতা:
বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেছেন, রাষ্ট্র সংস্কারের সঙ্গে সঙ্গে একটি ‘নির্বাচনী রোডম্যাপ’ ঘোষণা জরুরি। তাহলেই জনগণ বুঝতে পারবে দেশে চলমান সংস্কার কার্যক্রম একটি গণতান্ত্রিক পন্থার দিকে এগোচ্ছে।
গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) কক্সবাজার শহরের একটি হোটেলের সম্মেলন কক্ষে তিনি এ মন্তব্য করেন।
বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদ বলেন, সব রাজনৈতিক দল চায় যৌক্তিক সময়ের মধ্যে সংস্কার কার্যক্রম সম্পন্ন করতে হবে। সেই সংস্কার হবে নির্বাচনমুখী সংস্কার। গণতান্ত্রিক প্রক্রিয়া ব্যাহতের জন্য মাঝখানে যাতে কোনো ষড়যন্ত্রের জায়গা না থাকে এ লক্ষ্যে নির্বাচনী রোডম্যাপ ঘোষণা জরুরি।
ছাত্র-জনতার নজিরবিহীন রক্তস্নাত বিপ্লবের মাধ্যমে অর্জিত বিজয়কে অর্থবহ করতে হবে উল্লেখ করে বিএনপির স্থায়ী কমিটির এ নেতা বলেন, অভ্যন্তরীণ ষড়যন্ত্র থেকে সবাইকে সজাগ থাকতে হবে। দেশে শৃঙ্খলা ফিরিয়ে আনতে হবে। দল-মত নির্বিশেষে গণতন্ত্রের সুফল দেশের মানুষকে ফিরিয়ে দিতে হবে।
তিনি বলেন, বাংলাদেশ যে একটি আইনের শাসনের রাষ্ট্র তা বিশ্ববাসীকে দেখাতে হবে। স্বাধীন রাষ্ট্রের নাগরিক হিসেবে যেন সবাই মেরুদ- সোজা করে দাঁড়াতে পারে, তার জন্য গণমাধ্যমের কর্মীসহ সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
আওয়ামী ফ্যাসিস্ট সরকারের হাতে নিজেও গুমের শিকার হয়েছেন জানিয়ে সালাহউদ্দিন আহমেদ বলেন, যারা আয়না ঘর বানিয়ে গুম, খুন নির্যাতন ও হত্যাযজ্ঞ চালিয়েছে, তাদের এদেশের রাজনীতি করার কোনো অধিকার নেই। এ সময় স্বৈরাচারের হাতে নির্মমভাবে খুন-গুমের শিকার হওয়া সব নেতাকর্মীসহ ছাত্র-আন্দোলনে শহীদদের কথা স্মরণ করেন তিনি।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।