রাজশাহীতে কথা রাখেননি আলুর পাইকাররা
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেটকে দেওয়া প্রতিশ্রুতি রাখেননি স্থানীয় পাইকারী ব্যবসায়ীরা। রাজশাহীতে হিমাগার খালি করা আলু খুচরায় ৪৫ টাকা কেজি দামে বিক্রির প্রতিশ্রুতি দিয়ে ৩৯ টাকা কেজি দামে কিনেছিলেন তারা। বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) রাজশাহীর খুচরা বাজারে প্রতি কেজি পুরাতন আলু ৬০ থেকে ৬৫ টাকা এবং নতুন আলু ৬৫ থেকে ৭০ টাকা কেজি দামে বিক্রি হয়েছে। তবে ভ্রাম্যমাণ আদালতের অভিযানের কারণে রাজশাহীতে আলুর দাম কমতে শুরু করেছে। অভিযান অব্যাহত থাকলে আলুর দাম আরো কমবে বলে মনে করছেন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা।
উল্লেখ্য, রাজশাহীতে ৪৩টি হিমাগার রয়েছে। এসব হিমাগারে প্রায় ৮৫ লাখ বস্তা আলু সংরক্ষণ করা যায়। প্রতি বস্তায় আলু থাকে গড়ে ৬০ থেকে ৬৫ কেজি। এখনো অনেক হিমাগারে আলুর মজুত রয়েছে। এসব হিমাগারের মধ্যে গত ১৫ ও ১৭ ডিসেম্বর রাজশাহী শহরের উপকণ্ঠ পবা উপজেলার দুটি হিমাগার থেকে ২ হাজার ৬০৬ বস্তা আলু বের করে ৩৯ টাকা কেজি দামে পাইকারী ব্যবসায়ীদের কাছে বিক্রি করে দিয়েছে স্থানীয় প্রশাসন। পাইকারী ব্যবসায়ীরা ঐ আলু খুচরা বাজারে ৪৫ টাকা কেজি দামে বিক্রির প্রতিশ্রুতি দিয়েছিলেন। কিন্তু সেই আলু রাজশাহী খুচরা বাজারে ৬০ থেকে ৬৫ টাকা কেজি দামে বিক্রি হচ্ছে।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।