রমজান মাসে টিসিবির ৫২০ ট্রাকে পণ্য বিক্রি, সুবিধা পাবেন আরও ৬ লাখ মানুষ
আসন্ন পবিত্র রমজানে সারা দেশে প্রতিদিন ৫২০টি ট্রাকে নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রির পরিকল্পনা নিয়েছে সরকারি বিপণন সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)।
গত রমজানে ৪৫০টি ট্রাকে পণ্য বিক্রি করা হলেও এবার ট্রাকের সংখ্যা বাড়ছে ৭০টি। এতে উপকারভোগীর সংখ্যা ৩৪ লাখ থেকে বেড়ে ৪০ লাখে উন্নীত হবে। অর্থাৎ, নতুন করে আরও ছয় লাখ মানুষ সাশ্রয়ী দামে পণ্য কেনার সুযোগ পাবেন।
একই সঙ্গে রমজানে পণ্যের সরবরাহ বাড়াতে ভোজ্যতেল, ডাল ও চিনি অতিরিক্ত আমদানির প্রস্তুতি নিচ্ছে সংস্থাটি। টিসিবির স্মার্ট কার্ডধারীদের পাশাপাশি কার্ডবিহীন সাধারণ ভোক্তাদেরও সাশ্রয়ী দামে পণ্য কেনার সুযোগ দিতে খোলাবাজারে বিক্রির (ওএমএস) উদ্যোগ নেওয়া হচ্ছে।
বাণিজ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ২০২৬-২৭ অর্থবছরে নিত্যপ্রয়োজনীয় পণ্যের পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করতে টিসিবি ইতোমধ্যে একটি ক্রয় পরিকল্পনা তৈরি করেছে। এ পরিকল্পনার আওতায় স্থানীয় ও আন্তর্জাতিক উৎস থেকে ২২ কোটি লিটার ভোজ্যতেল, ২ লাখ ২০ হাজার টন মসুর ডাল, ১ লাখ ১০ হাজার টন চিনি, ১৪ হাজার টন ছোলা এবং ৪ হাজার ৪০০ টন খেজুর সংগ্রহের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।