যৌথ অভিযানের মধ্যেই বিএনপি নেতাকে গুলি করে হত্যা
খুলনা সংবাদদাতা:
সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদক কারবার দমনে খুলনা মহানগরজুড়ে বিশেষ যৌথ অভিযান চলার মধ্যেই প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয়েছে বিএনপি নেতা মোহাম্মদ রফিকুল ইসলাম গাজীকে।
নগরীর লবণচরা থানার মাথাভাঙা এলাকার দশগেট-কাজীপাড়া বাজার সংলগ্ন এলাকায় জুমুয়াবার দুপুরে মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি করে পালিয়ে যায়।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত রফিকুল ইসলাম গাজী (৪৫) স্থানীয়ভাবে টাইগার রফিক ও ঢাকাইয়া রফিক নামে পরিচিত ছিলেন। তিনি লবণচরা থানার দক্ষিণ মাথাভাঙা এলাকার রতন গাজীর ছেলে।
তিনি বটিয়াঘাটা উপজেলা বিএনপির সদস্য ছিলেন বলে দলীয় সূত্রে জানা গেছে। এর আগে তিনি ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক দলের সাবেক সহসাধারণ সম্পাদক ছিলেন বলেও জানা যায়।
পুলিশ ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, জুমুয়াবার দুপুর সাড়ে ১২টার দিকে লবণচরা থানার মাথাভাঙা এলাকার কাজীপাড়া বাজারে অবস্থান করছিলেন রফিকুল ইসলাম গাজী।
এ সময় একটি মোটরসাইকেলে আসা হেলমেট পরিহিত এক দুর্বৃত্ত রফিকুলকে লক্ষ্য করে গুলি ছুড়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। এ সময় গুলিটি রফিকুলের তলপেটে লাগে বলেও জানান তারা।
নিহতের স্ত্রী জানান, বড় ছেলে রাগ করে বাড়ি থেকে বের হয়ে যাওয়ার পর তাকে খুঁজতে বের হন তার স্বামী রফিকুল। ছেলেকে না পেয়ে বাড়ির পেছনের একটি ফাঁকা জায়গায় বসে ছিলেন তিনি।
সেখানেই দুর্বৃত্তরা তাকে গুলি করে বলেও জানান তিনি।
পরে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ওই হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
নিহত রফিকুল ইসলামের রাজনৈতিক পরিচয় নিয়ে স্থানীয় বিএনপি নেতারা জানান, তিনি বটিয়াঘাটা উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ছিলেন।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।