যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা গমের প্রথম চালান এলো দেশে
নিজস্ব প্রতিবেদক:
দেশের ইতিহাসে প্রথমবারের মতো যুক্তরাষ্ট্র থেকে সরকারিভাবে আমদানি করা প্রায় ৫৭ হাজার টন গম নিয়ে একটি জাহাজ চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে। গতকাল ইয়াওমুস সাবত (শনিবার) খাদ্য মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার ও জনসংযোগ কর্মকর্তা ইমদাদ ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, যুক্তরাষ্ট্র ও বাংলাদেশ সরকারের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের আলোকে বাংলাদেশ সরকার প্রথমবারের মতো সরকার টু সরকার (জিটুজি) ভিত্তিতে যুক্তরাষ্ট্র থেকে গম আমদানি কার্যক্রম শুরু করছে।
এই চুক্তির আওতায় মোট ৪ লাখ ৪০ হাজার মেট্রিক টন গম আমদানি করা হবে।
যার প্রথম চালান হিসেবে ৫৬ হাজার ৯৫৯ মেট্রিক টন গম নিয়ে এমভি নর্স স্ট্রাইড জাহাজটি গতকাল ইয়াওমুস সাবত (শনিবার) চট্টগ্রাম বন্দরের বহিঃনোঙরে পৌঁছেছে।
উল্লেখ্য, আমেরিকার গমে বেশি গ্লুটেন থাকায় এই গম বাংলাদেশের মানুষের জন্য কতটা স্বাস্থ্য উপযোগী সেটা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেক স্বাস্থ্য বিশেষজ্ঞরা। বিশেষত বিতর্কিত জিএমও ফসলের মধ্যে আমেরিকার গমও অন্তর্ভুক্ত আছে।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।