মেয়াদোত্তীর্ণ স্যালাইন পানি পান করে শিশুর মৃত্যু, মা-বোন হাসপাতালে
সিরাজগঞ্জের বেলকুচিতে মেয়াদোত্তীর্ণ স্যালাইন পানি পান করে এক জিম খাতুন (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। একই পানি পান করে অসুস্থ হয়ে পড়েছেন ওই শিশুর মা ও দুই বোন। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দোকানদার ও সেলসম্যানসহ চার জনকে আটক করা হয়েছে।
গত সোমবার (২৬ ফেব্রুয়ারি) রাতে বেলকুচি উপজেলার বেলগাছি গ্রামে এ ঘটনাটি ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সারা দিন শবে বরাতের রোজা রেখে ইফতারিতে স্যালাইন ও ট্যাংয়ের মিশ্রণ গুলিয়ে পান করেন পারভিন খাতুন। এ সময় তার তিন সন্তান জিম, রিয়া ও মিথিলা পানি পান করেন। ইফতার শেষে তারা অসুস্থ হয়ে পড়েন। পরিবারের লোকজন ২৫০ শয্যাবিশিষ্ট সিরাজগঞ্জ বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করেন।
হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. ফয়সাল হোসেন জানান, অসুস্থ অবস্থায় প্রথমে বেলকুচি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাদের সিরাজগঞ্জের পাঠান। এখানে আসার পর জিম খাতুন নামের এক শিশুর মৃত্যু হয়। উন্নত চিকিৎসার জন্য অসুস্থ অপর তিন জনকে বগুড়া জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। শিশুর লাশ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
বেলকুচি থানার ওসি আনিছুর রহমান বলেন, বিষয়টি জানার পর ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে দোকানদার আমিনুল ইসলাম, স্যালাইনের সেলসম্যান আনিছুর রহমান, হাফিজ শেখ ও সাগর হোসেনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।