মুক্তি মিললো অপহৃত ২৬ শ্রমিকের
বান্দরবান সংবাদদাতা:
লামা উপজেলার ফাঁসিয়াখালী থেকে অপহরণ হওয়া রবার বাগানের ২৬ জন শ্রমিক মুক্তি পেয়েছেন। গত সোমবার দিবাগত রাত একটার দিকে তাদের ছেড়ে দেয় অপহরণকারীরা।
গত রোববার ফাঁসিয়াখালী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মুরুংঝিরি এলাকার রবার বাগান থেকে এসব শ্রমিককে অপহরণ করে একদল সশস্ত্র সন্ত্রাসী। অপহরণের পর শ্রমিকদের প্রত্যেকের মুক্তির জন্য ৫০ হাজার টাকা করে মুক্তিপণ দাবি করেছিলেন অপহরণকারীরা।
মুরুংঝিরি এলাকার একটি রবারবাগানের মালিক মোহাম্মদ শাহাজাহান বলেন, রাতে অপহরণকারীরা ওই শ্রমিকদের ছেড়ে দিলে তারা কক্সবাজারের রামু উপজেলার ঈদগড় বাজারে চলে আসেন। এরপর তাদের মধ্য থেকে ১৫ জনকে হাসপাতালে ভর্তি করা হয়। তিনি আরও বলেন, অপহরণের পর থেকে যৌথ বাহিনী শ্রমিকদের উদ্ধারে অভিযান শুরু করে। এ ছাড়া অপহৃতদের পরিবারের পক্ষ থেকে মুক্তিপণ দাবি করা অপহরণকারীদের সঙ্গে যোগাযোগ করা হয়। দুটি কারণেই অপহরণকারীরা শ্রমিকদের ছেড়ে দিতে পারে।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।