মিরসরাইয়ের চরাঞ্চলে বাণিজ্যিক তরমুজ চাষে বিপ্লব
মিরসরাইয়ের চরাঞ্চলে বাণিজ্যিক তরমুজ চাষে বিপ্লব ঘটেছে। এবার প্রায় ৪০ হাজার মেট্রিক টন তরমুজ উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকলে শত কোটি টাকার তরমুজ বাজারজাত হওয়ার আশা কৃষকদের। ৩ বছরের ব্যবধানে চাষের পরিধি বেড়েছে কয়েক গুণ।
নোয়াখালীর চাষিরা খোঁজ নিয়ে এখানে তরমুজ চাষ করছেন। কথা হয় তরমুজ চাষি আবু জাফরের সঙ্গে। তিনি বলেন, এবার আমি প্রায় ৬০ একর জমিতে তরমুজ আবাদ করেছি। ফলনও ভালো হয়েছে। আশা করছি আবহাওয়া অনুকূলে থাকলে ভালো বিক্রি করতে পারবো।
আরেক চাষি ইসমাইল হোসেন সুমন বলেন, আমরা ৫ জন মিলে ৩৫ একর জমিতে তরমুজ চাষ করেছি। এতে প্রায় ৪০ লাখ টাকা খরচ হয়েছে। ফলনও ভালো হয়েছে। দু’একদিন পর বিক্রি শুরু করবো। সবকিছু ঠিক থাকলে ১ কোটি টাকার তরমুজ বিক্রি সম্ভব। এ ছাড়া আবদুল কাদের মাঝি, মানিক, সুজা মাঝিসহ অনেকে তরমুজ চাষ করেছেন।
তরমুজ চাষি ইকবাল হোসেন বলেন, ‘এখানে চাষাবাদ ও বাজারজাত করার সুবিধা আছে। এ ছাড়া দোঁআশ মাটি থাকায় তরমুজ চাষ করেছি। আকারে অনেক বড় এবং সুস্বাদু হওয়ায় বাজারেও আছে এসব তরমুজের চাহিদা। ঢাকা, চট্টগ্রাম, নোয়াখালীসহ বিভিন্ন অঞ্চল থেকে পাইকাররা সরাসরি ক্ষেত থেকে তরমুজ কিনতে আসা শুরু করেছেন।’
স্থানীয়রা জানান, প্রতি বছর রবি মৌসুমে উপজেলার ইছাখালী, মঘাদিয়া, মায়ানী ও সাহেরখালী ইউনিয়নে চরের অধিকাংশ জায়গা খালি পড়ে থাকতো। দোঁআশ মাটি ও উপযুক্ত পরিবেশ হওয়ায় ২০২২ সালে সিরাজ নামে একজন তরমুজ চাষের উদ্যোগ নেন। প্রথমে তারা মাটি ল্যাবে পরীক্ষা করেন। স্থানীয়দের থেকে ৩ মাসের জন্য প্রতি একর জমি ১৫ হাজার টাকায় বর্গা নেন। সেই জমিতে তারা তরমুজের বীজ বপন করেন।
মঘাদিয়া ইউনিয়নের কাজীরতালুক গ্রামের আনোয়ার হোসেন বলেন, আমাদের এখানে তিন ফসলি জমিতে ধান চাষ হয়। এরপর স্থানীয় জমির মালিক থেকে সুবর্ণচরের তরমুজ চাষিরা প্রতি একর ১৫ হাজার টাকা করে ৩ মাসের জন্য বর্গা নেন।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।