মায়ের ডাকের মানববন্ধন: আমার বাবাকে ফিরিয়ে দিন
‘আমার বাবাকে ফিরিয়ে দাও। আমার বাবা আসে না। বাবা গুম হয়েছে। আমার কষ্ট হয়’। জাতীয় প্রেস ক্লাবের সামনে এক মানববন্ধনে এভাবেই কান্নাজড়িত কণ্ঠে কথাগুলো বলছিল শাহীনবাগের নিখোঁজ বিএনপি নেতা সাজেদুল ইসলাম সুমনের মেয়ে আরোয়া ইসলাম। ‘গুম-খুন, ক্রসফায়ার, কারা নির্যাতন বন্ধ করো! মানবাধিকার লঙ্ঘন রুখে দাঁড়াও!’- শীর্ষক এ মানববন্ধনের আয়োজন করে ‘মায়ের ডাক’।
সমাবেশ থেকে বিএনপি’র বন্দি নেতাকর্মীদের নিঃশর্ত মুক্তি দাবি করা হয়। পূর্ব ঘোষণা অনুযায়ী শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে মানববন্ধন করতে গিয়ে পুলিশের বাধার মুখে পড়ে সংগঠনটি।
পুলিশ মাইক কেড়ে নিয়েছে অভিযোগ করে মায়ের ডাকের আহ্বায়ক সানজিদা ইসলাম তুলি বলেন, গুমের শিকার ব্যক্তিদের ৪৪টি পরিবারের সদস্যদের নিয়ে আমরা মানববন্ধনের আয়োজন করেছিলাম। আমাদের মাইক কেড়ে নেয়া হয়েছে। এদেশে আমাদের দুঃখের কথা বলার অধিকার পর্যন্ত নেই। পুলিশ স্বজনহারা পরিবারগুলোকে ধাক্কা দিয়ে বের করে দিয়েছে। সরকার মানবাধিকার লঙ্ঘনের চরম পর্যায়ে পৌঁছেছে। সাধারণ মানুষকে গুম করা হচ্ছে। খুন করা হচ্ছে। সরকারের সাহস নেই এই সত্য মোকাবিলা করার। স্বজনদের খুঁজে না পাওয়া পর্যন্ত তারা আমাদের আওয়াজ বন্ধ করতে পারবে না।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।