‘ভুয়া উপদেষ্টা দেখি ইংরেজি বলে, পুলিশ ধরে নিয়ে গেলে গড়গড় করে বাংলা বলে’
পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপি একটা জালিয়াত রাজনৈতিক দল। নির্বাচনের আগে তারা ভুয়া উপদেষ্টাকে হাজির করেছিলো। শনিবার (১৮ মে) দুপুরে চট্টগ্রাম নগরের কাজীর দেউড়ির ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।
চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ এই আলোচনা সভার আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন আওয়ামী লীগের নগর কমিটির সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী। আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাছান মাহমুদ বলেন, আপনাদের মনে আছে, গত বছর ২৮ অক্টোবর জো বাইডেনের ভুয়া উপদেষ্টাকে বিএনপি হাজির করেছিল। ভুয়া উপদেষ্টা যখন বিএনপি কার্যালয়ে, তখন দেখি শুধু ইংরেজি বলে। পুলিশ যখন ধরে নিয়ে গেল, তখন দেখি গড়গড় করে বাংলা বলে।
হাছান মাহমুদ আরও বলেন, তার আগে বিএনপি কংগ্রেসম্যানদের সই জাল করেছিল। সেই সময়ে বলেছিল, ভারতের অমিত শাহ ফোন করেছিলেন। অমিত শাহর অফিস থেকে বলা হলো, তিনি কাউকে ফোন করেননি। যে আওয়াজ ছাড়া হয়েছিল, সেটি অমিত শাহর নয়। দেশের উন্নয়ন অগ্রগতি দেখে বিএনপি ও তাদের দোসরদের মাথা খারাপ হয়ে গেছে। মাঝেমধ্যে দেখি, জি এম কাদেরেরও মাথা খারাপ হয়ে যায়।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।