ভুল চিকিৎসায় ৯ মাসের শিশুর প্রাণহানি
মাথার টিউমার অপারেশনের সময় আসিফ হোসেন নামে ৯মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। ভুল চিকিৎসায় শিশুটির মৃত্যু হয়েছে বলে অভিযোগ স্বজনদের। গত বুধবার (২৮ আগস্ট) বিকেলে শহরের বনবেলঘড়িয়া পশ্চিম বাইপাস এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শিশুর বাড়ি রাজশাহীর পুঠিয়া থানার দমদ মা গ্রামে।
সদর থানার ওসি মিজানুর রহমান বলেন, শিশু আসিফের মাথায় একটি টিউমার দেখা যায়। বিষয়টি নিয়ে শিশুটির বাবা আসাদুল পল্লী চিকিৎসক হাবিবুর রহমান হাবিবের সাথে পরামর্শ করেন। এক পর্যায়ে পল্লী চিকিৎসক হাবিব অপারেশন করার পরামর্শ দিয়ে শিশুটিকে ফার্মেসীতে নিয়ে আসতে বলেন।
পল্লী চিকিৎসকের কথামতো বুধবার সকালে রেনু ফার্মেসীতে আসেন শিশুর বাবা, মা ও স্বজনরা। পরে দুপুরে শিশু আসিফের মাথার টিউমার অপারেশন করেন পল্লী চিকিৎসক হাবিব। অপারেশন শেষ হলে হাবিব শিশুটির বাবা মাকে জানান অপারেশনের পর শিশুটি ঘুমাচ্ছে।
এসময় চিকিৎসক হাবিবের কথা এলোমেলো মনে হলে শিশু আসিফের স্বজনরা চিৎকার চেচামেচি করতে থাকে। এরপর স্থানীয়রা গিয়ে শিশুটিকে মৃত অবস্থায় দেখে সেই চিকিৎসককে অবরুদ্ধ করে সেনাবাহিনীর সদস্যসহ পুলিশকে খবর দেয়।
খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পল্লী চিকিৎসক হাবিবুর রহমান হাবিব ও তার বাবা ফার্মেসী মালিক হাছেন আলীকে আটক করে থানায় নিয়ে যায়। এ বিষয়ে একটি মামলা দায়ের হয়েছে।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।