ভিসা নীতির কারণে পুলিশের ইমেজ সংকট হবে না -আইজিপি
মার্কিন ভিসা নীতির কারণে পুলিশের ইমেজ সংকট হবে বলে মনে করেন না পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল-মামুন।
গতকাল ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) রাজধানীর ৩৫ তোপখানা রোডে ট্যুরিস্ট পুলিশ সদর দপ্তরে সেমিনার শেষে সাংবাদিকদের করা এক প্রশ্নের জবাবে একথা বলেন তিনি।
তিনি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণরূপে নিয়ন্ত্রণে রয়েছে। যে কোনো ঘটনা সংঘটিত হওয়ার পরে আমরা তদন্ত করে ব্যবস্থা নিচ্ছি। আগেও নিয়েছি এখনো নিচ্ছি। আমি আশ্বস্ত করছি আগেও আশ্বস্ত করেছি, কোনো ঘটনায় আমাদের কোনো সদস্যও যদি জড়িত থাকে তাকে ছাড় দেয়া হবে না। সন্ত্রাসী যেই হোক তার বিরুদ্ধে আইন অনুযায়ী যথাযথ ব্যবস্থা নেয়া হবে।
আইজিপি বলেন, নির্বাচন আসছে। নির্বাচনের আয়োজন নির্বাচন কমিশন করে থাকে। নির্বাচন কমিশন নির্বাচনকালীন আমাদের ওপর যে দায়িত্ব দেবে, তা আমরা যথাযথভাবে পালন করবো।
অবৈধ অস্ত্র প্রদর্শনীর বিষয়ে তিনি বলেন, যে কেউ অবৈধ অস্ত্র প্রদর্শন করলে পুলিশ তৎপর হয়। যার কাছে অবৈধ অস্ত্র থাকে তা উদ্ধার করা হয়। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, জাতীয় নির্বাচনে পুলিশ যথাযথভাবে দায়িত্ব পালন করতে পারবে।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।