ভারতে আটক ১৩ বাংলাদেশির পরিচয় মিললো
সিলেট সংবাদদাতা:
সিলেটের ১৩ যুবক আটকের সত্যতা দু’দিন পর নিশ্চিত করেছে ভারতীয় সীমান্ত বাহিনী বিএসএফ। আটকদের মধ্যে সিলেটের জৈন্তাপুর উপজেলার ৯ জন এবং গোয়াইনঘাট উপজেলার ৪ জন।
বিএসএফ ৪ ব্যাটালিয়নের কমান্ড্যান্টের সাথে আলোচনা করে আটকের বিষয়ে নিশ্চিত হয়েছেন বিজিবি ৪৮ ব্যাটালিয়নের অধিনায়ক।
গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) এ তথ্য নিশ্চিত করেছেন বিজিবি ৪৮ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল হাফিজুর রহমান।
লে. কর্নেল হাফিজুর রহমান জানান, বিএসএফ জানিয়েছে গত ২৩ ডিসেম্বর রাত ৪টার দিকে বাংলাদেশের তামাবিল সীমান্তের ওপারে ভারতের ডাউকি এলাকা থেকে বাংলাদেশি ১৩ নাগরিককে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে ভারতে অনুপ্রবেশ ও চোরাচালানের অভিযোগ রয়েছে। পরে তাদেরকে ডাউকি থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
ভারতে আটক ১৩ বাংলাদেশি নাগরিকের মধ্যে ৯ জন সিলেটের জৈন্তাপুর ও ৪ জন গোয়াইনঘাটের বাসিন্দা।
স্থানীয় সূত্র জানায়, গত রবিবার জাফলং জিরোপয়েন্ট এলাকা দিয়ে ১৩ জন যুবক ভারতে অনুপ্রবেশ করে। রাতে ফেরার পথে তারা বিএসএফ’র হাতে আটক হন। পরে বিএসএফ তাদেরকে ভারতীয় পুলিশের কাছে হস্তান্তর করে।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।