ব্রিটিশ আইনের সংস্কার চান পুলিশ সদস্যরা
নিজস্ব প্রতিবেদক:
নিরপেক্ষ এবং যুগোপযোগী পুলিশ বাহিনী গড়ে তুলতে ১১ দফা দাবি বাস্তবায়নে আইন সংস্কার ও প্রণয়নে একাধিক জেলায় বিক্ষোভ মিছিল করেছেন পুলিশ সদস্যরা।
গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) দুপুর ১টায় বরিশাল পুলিশ লাইনস কম্পাউন্ডে বিক্ষোভ মিছিল বের করে পুলিশ সদস্যরা।
পুলিশ সদস্য খোরশেদ আলম বলেন, দেশ স্বাধীন হয়েছে কিন্তু আমরা রয়েছি সেই ব্রিটিশ আইনের মধ্যেই। এ কারণে প্রতিনিয়ত আমাদের মানসিক নির্যাতনের শিকার হতে হচ্ছে। বদলি থেকে শুরু করে প্রতিটি ক্ষেত্রে নানা কারণে শাস্তির সম্মুখীন হতে হয়। আর শাস্তি পেলে পদোন্নতিতে সমস্যার সৃষ্টি করে ঊর্ধ্বতন কর্মকর্তারা। তা ছাড়া আমাদের কর্মঘণ্টা বলতে কিছুই নেই। অতিরিক্ত কাজ করতে গিয়ে অসুস্থতায় পড়তে হয়। এরপরও কাজ করতে বাধ্য করেন ঊর্ধ্বতন কর্মকর্তারা। সেখানে কোনও কথা বলার সুযোগ নেই।’
আরেক পুলিশ সদস্য মহিবুল্লাহ বলেন, ‘নিয়োগের ক্ষেত্রে লাখ লাখ টাকা ঘুষ লেনদেন হয়। এ থেকে মুক্তির একটি মাত্র উপায় বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) ও পুলিশ সদর দফতরের মাধ্যমে নিয়োগ প্রক্রিয়া বাস্তবায়ন। এতে করে মেধা যাচাইয়ের সঙ্গে ঘুষও বন্ধ হবে।’
এদিকে ১১ দফা দাবিতে পুলিশের কর্মবিরতি বিক্ষোভ হয়েছে মাদারীপুরেও।
দলীয় লেজুড়বৃত্তি ও দালালির কারণে পুলিশ সদস্যদের জনগণের মুখোমুখি দার করিয়ে দেওয়া এবং পুলিশ সদস্যদের হত্যার প্রতিবাদে মাদারীপুরে বিক্ষোভ করেছেন পুলিশ সদস্যরা। মাদারীপুর পুলিশ লাইনে বিক্ষোভে পুলিশের কনস্টেবল থেকে এসআই, এএসআই লেভেলের সদস্যরা অংশ নিয়েছেন।
এদিকে বিক্ষোভ থেকে পুলিশ সদস্যরা সমন্বিতভাবে ১১ দফা দাবি জানান।
এছাড়া ১১ দফা দাবির মধ্যে আছে- বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় নিহত পুলিশ সদস্যদের হত্যার বিচার, বাংলাদেশ পুলিশ কোনো সরকার বা রাজনৈতিক দলের অধীনে কাজ করবে না, তারা নিরপেক্ষ থাকবে। পুলিশ ৮ ঘণ্টার বেশি দায়িত্ব পালন করবে না। পুলিশ সদস্যরা কোনো মৌখিক আদেশ পালন করবে না। পদোন্নতির ক্ষেত্রে বিসিএস ক্যাডার কর্মকর্তাদের মতো নীতি অনুসরণ করতে হবে। পুলিশের বার্ষিক ছুটি ২০ দিন থেকে ৬০ দিনে উন্নীত করাসহ বেশ কিছু দাবি জানানো হয়।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।