বৈষম্যবিরোধীদের সঙ্গে অন্য ছাত্র সংগঠনগুলোর দূরত্ব কী বাড়ছে?
নিজস্ব প্রতিবেদক:
আওয়ামী লীগ সরকারের দীর্ঘ দেড় দশকের শাসনের অবসানে কাঁধে কাঁধ মিলিয়ে রাজপথে লড়াই করেছে বিভিন্ন ছাত্র সংগঠন। পতন হয়েছে শেখ হাসিনা সরকারের। তবে পাঁচ মাস অতিবাহিত হতেই প্রশ্ন উঠেছে, আন্দোলনে থাকা ছাত্র সংগঠনগুলোর সম্পর্ক কি এখনো আগের মতোই আছে?
জুলাই বিপ্লবের ছাত্রদের ৯ দফার মধ্যে দলীয় লেজুড়বৃত্তিক ছাত্ররাজনীতি নিষিদ্ধ ও ছাত্রসংসদ চালু করার কথা থাকলেও এখন এ ব্যাপারে বক্তব্য নেই কোনো ছাত্র সংগঠনেরই।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও মূলধারার রাজনৈতিক ছাত্র সংগঠনগুলোর দূরত্ব স্পষ্ট হয়ে উঠছে ক্রমশই। জুলাই বিপ্লবে সকল ফ্যাসিবাদবিরোধী ছাত্র সংগঠন এক সঙ্গে ঝাঁপিয়ে পড়লেও ৫ আগস্ট পরবর্তী সময়ে বদলে যাচ্ছে দেশের ছাত্র রাজনীতি।
বর্তমান পরিস্থিতি এমন দাঁড়িয়েছে যে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে ছাত্রশিবির ছাড়া মূলধারার বাকি সব ছাত্র সংগঠনগুলোর সম্পর্কে তিক্ততার ছাপ স্পষ্ট হয়ে উঠেছে। শিবিরের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কের কারণেই বাকিদের সঙ্গে ফাঁক বেড়েছে বলে ধারণা করছেন ছাত্র নেতারা।
প্রতিটি বিশ্ববিদ্যালয়ে ছাত্রসংসদ চালু করার আলোচনা শুরুর পরই ছাত্র সংগঠনগুলোর মাঝে বিভাজন স্পষ্ট হতে থাকে। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ বা ডাকসুর নির্বাচন ঘিরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্র সংগঠনগুলো ভিন্ন ভিন্ন অবস্থান নিতে থাকে।
ছাত্রদল ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের তিক্ততার মধ্যেই প্রকাশ্যে এসেছে আরেক সংগঠন ছাত্র অধিকার পরিষদের দ্বন্দ্বও। পরিষদের সভাপতি বিন ইয়ামিন মোল্লা কড়া বার্তা দিয়েছেন হাসনাত আবদুল্লাহকে। ইয়ামিন বলেছেন, আপনারা এখন নায়ক। আপনাদের খলনায়ক হতে সময় লাগবে না। মুখোশ খুলতে সময় লাগবে না। ইয়ামিন আরও বলেন, ‘বিপ্লবের স্পিরিটকে যারা ধারণ করেন, যারা আহত ও শহীদ হয়েছেন, তাদেরকে পুঁজি করে নিজেরা ধান্দা-প্রতারণা কইরেন না।’
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।