বেতনের দাবিতে শ্রমিকদের সড়ক অবরোধ
নিজস্ব প্রতিবেদক:
প্রতি মাসের ১০ তারিখের মধ্যে বেতন প্রদান, হাজিরা বৃদ্ধি, বেতন বাড়ানোসহ বিভিন্ন দাবিতে রাজধানীর কুড়িল বিশ্বরোড এলাকার প্রগতি স্মরণী সড়ক প্রায় তিন ঘণ্টা অবরোধ করে রাখেন ইউরোজন ফ্যাশন লিমিটেড নামের একটি গার্মেন্টস কারখানার শ্রমিকরা। এতে কুড়িল বিশ্বরোড এলাকার বিভিন্ন সড়কে যান চলাচল বন্ধ হয়ে তীব্র যানজটের সৃষ্টি হয়।
গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) শ্রমিকরা সড়ক অবরোধ করেন। পরে পুলিশ সদস্যদের হস্তক্ষেপে মালিকপক্ষের আশ্বাসে পৌনে ২টার দিকে তারা অবরোধ তুলে নেন।
রুনা নামের ওই গার্মেন্টসের এক কর্মী বলেন, আমাদের প্রতি মাসে ৭ তারিখের মধ্যে বেতন দেওয়ার কথা। কিন্তু গত ১০-১১ মাস ধরে মালিকপক্ষ মাসের ১৫-২০ তারিখে বেতন দিচ্ছে। এতে আমাদের পরিবার নিয়ে কষ্টে থাকতে হচ্ছে। এছাড়া আমাদের হাজিরাও কম। আমরা চাই আমাদের বেতন মাসের ১০ তারিখের মধ্যে দেওয়া হোক।
সম্রাট নামের আরেক কর্মী বলেন, বর্তমানে অপারেটরদের হাজিরা ৪০০ টাকা আর হেলপারদের হাজিরা ৩০০ টাকা। আমরা চাই অপারেটরের হাজিরা ৭০০ টাকা ও হেলপারের হাজিরা ৬০০ টাকা। আমাদের বেতনও বাড়াতে হবে। আমাদের পাওনা ছুটি দিতে হবে। এগুলো কিছুই মালিকপক্ষ করে না। তাই আমরা বাধ্য হয়ে রাস্তায় নেমেছি।
এ বিষয়ে ভাটারা থানার উপ-পরিদর্শক) এসআই সিদ্দিক বলেন, শ্রমিকদের অবরোধের কারণে দীর্ঘ সময় যান চলাচল বন্ধ ছিল। কিছুক্ষণ আগে তারা অবরোধ তুলে নিয়েছে। আমরা এখন যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা করছি।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।