বিদ্যুৎ গেলেই নেটওয়ার্ক নেই টেলিটকের ৮৩০ টাওয়ারে
টেলিটকের মোবাইল টাওয়ারগুলোর পর্যাপ্ত ব্যাটারি ব্যাকআপ না থাকায় এর সেবা নিয়ে গ্রাহকদের হতাশা আরও বেড়েছে। এমনকি, রাষ্ট্র পরিচালিত এই প্রতিষ্ঠানের গ্রাহক সংখ্যা ক্রমাগত কমছে।
সহজে নেটওয়ার্ক পেতে প্রতিষ্ঠানটির পাঁচ হাজার ৬৬১টি বেস ট্রান্সসিভার স্টেশন (বিটিএস) আছে। এর মধ্যে তিন হাজার ৮৫৬ টাওয়ারের ব্যাটারি দেয় টেলিটক। এর ২১.৫২ শতাংশ টাওয়ার এক মিনিটের বেশি ব্যাকআপ দিতে পারে না।
অর্থাৎ, বিদ্যুৎ চলে গেলে ৮৩০ টাওয়ারের গ্রাহকরা নেটওয়ার্ক পান না।
একইভাবে এক ঘণ্টার বেশি সময় বিদ্যুৎ না থাকলে টেলিটকের প্রায় ৪০ শতাংশ টাওয়ার সংযোগ দিতে পারে না।
ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক সম্প্রতি রাজধানীর গুলশানে টেলিকমের প্রধান কার্যালয় পরিদর্শনে এলে এই ভয়াবহ চিত্র তুলে ধরা হয়।
টেলিটকের গ্রাহক প্রতিনিয়ত কমছে। এর মাধ্যমে গ্রাহকদের অসন্তুষ্টির চিত্র প্রকাশ পায়।
গত ডিসেম্বর পর্যন্ত ১২ মাসে দেশে মোবাইল গ্রাহক প্রায় এক কোটি ছয় লাখ বাড়লেও টেলিটক গ্রাহক হারিয়েছে দুই লাখ ৩০ হাজার।
দেশে চালু ৪৪ হাজার ৬২৯টি টাওয়ারের মধ্যে প্রায় ২০ হাজার টাওয়ার ইডটকোর মাধ্যমে গ্রামীণফোন, রবি, বাংলালিংক ও টেলিটকের গ্রাহকদের সেবা দেয়।
ইডটকো বাংলাদেশের ডিরেক্টর ফর অপারেশনস মনোয়ার সিকদার বলেন, 'টাওয়ারের অবস্থান ও কাঠামোর ওপর নির্ভর করে আমাদের দুই থেকে ছয় ঘণ্টা ব্যাকআপ দেওয়ার ক্ষমতা আছে।'
'টাওয়ারগুলো মূলত গ্রাহকের চাহিদা ও অবস্থান বিবেচনায় রেখে তৈরি করা হলেও জাতীয় গ্রিড থেকে বিদ্যুৎ সরবরাহ সব জায়গায় সমান নয়' জানিয়ে তিনি আরও বলেন, 'তাই টাওয়ারের অবস্থান ও আকৃতির ওপর ভিত্তি করে আমরা পাওয়ার ব্যাকআপ সিস্টেম বসিয়েছি।'
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।