বিএসএফের ছোড়া ৩০ ছররা গুলিতে আহত বাংলাদেশি যুবক
কুমিল্লার বুড়িচং সীমান্তে বিএসএফের গুলিতে বিল্লাল হোসেন (২৮) নামের এক বাংলাদেশি যুবক নির্মমভাবে আহত হয়েছেন। গত সোমবার (২২ এপ্রিল) রাত ৮টার দিকে বুড়িচং উপজেলার রাজাপুর ইউনিয়নের চড়ানল তেঁতুলতলা সীমান্তে এ ঘটনা ঘটে।
আহত বিল্লাল হোসেন রাজাপুর ইউনিয়নের লড়িবাগ এলাকার আলী আহমদের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, তিনি ভারত থেকে আসা চিনি ও অন্যান্য পণ্য ওঠানামার শ্রমিক হিসেবে কাজ করতেন। সোমবার রাত ৮টার দিকে তেঁতুলতলা সীমান্ত দিয়ে আসা চিনি নামানোর সময় বিএসএফের সদস্যরা গুলি চালান। তাদের ছোড়া গুলিতে আহত হন। তার শরীরে ৩০টির মতো গুলি লাগে। তাকে উদ্ধার করে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। গুলিতে তার চোখ বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে।
কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) কামরান হোসেন জানান, গুলিতে আহত ব্যক্তির বিরুদ্ধে থানায় কোনও মামলা নেই। সীমান্তের ঘটনা সম্পর্কে বিজিবি বলতে পারবে।
বিজিবির সংকুচাইল বিওপির কামান্ডার ফারুক কামাল বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি ছাড়া আমরা এ বিষয়ে কোনও বক্তব্য দিতে পারবো না।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।