বিএনপি’র পর নির্বাচন কমিশন গঠনে তালিকা দিলো গণ-অধিকার পরিষদ
নির্বাচন কমিশন গঠনের লক্ষ্যে সার্চ কমিটির কাছে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে ৩ জনের এবং নির্বাচন কমিশনার হিসেবে ৩ জনের নাম জমা দিয়েছে গণ-অধিকার পরিষদ।
গত বৃহস্পতিবার (৭ নভেম্বর) দলটির সাধারণ সম্পাদক রাশেদ খান সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে এসব নাম জমা দেন।
পরে সাংবাদিকদের তিনি বলেন, আওয়ামী লীগ, তাদের ছাত্রসংগঠন সংশ্লিষ্ট কিংবা আওয়ামী লীগের সুবিধাভোগী কোনো আমলাকে আগামী নির্বাচন কমিশনে নিয়োগ দেয়া যাবে না।
এর আগে বুধবার (৬ নভেম্বর) বিএনপি নতুন নির্বাচন কমিশন গঠনের লক্ষ্যে সার্চ কমিটির কাছে পাঁচ সদস্যের প্রস্তাবনা জমা দিয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগের সচিব শেখ আব্দুর রশিদের কাছে দলের পক্ষে প্রস্তাবিত নামগুলো তুলে দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ ও যুগ্ম মহাসচিব শহিদ উদ্দিন চৌধুরী এ্যানি।
বিএনপির মিডিয়া শাখার সদস্য শায়রুল কবির খান জানান, দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের একটি গোপন চিঠি এ প্রতিনিধিদলের মাধ্যমে সচিবালয়ে পৌঁছানো হয়েছে।
গত রোববার সার্চ কমিটি রাজনৈতিক দল, পেশাজীবী সংগঠনসহ ব্যক্তিগত পর্যায় থেকেও নির্বাচন কমিশনের প্রধান ও সদস্যপদে সর্বোচ্চ পাঁচজনের নাম প্রস্তাব করতে আহ্বান জানায়।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।