ফিলিস্তিনি প্রতিরোধের টিকে থাকার অর্থ ইসরাইলের কৌশলগত ব্যর্থতা: হাসান নাসরুল্লাহ
লেবাননের প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর মহাসচিব সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ বলেছেন: আল-আকসা তুফান অভিযান ষষ্ঠ মাসে পড়লো। গতরাতে তিনি ওই অভিযানের বিচিত্র অর্জনের কথা তুলে ধরে বলেন: দখলদার ইহুদিবাদী ইসরাইলি বাহিনীর বিরুদ্ধে শক্তিমত্তার সাথে লড়াই করে ইসলামি প্রতিরোধ শক্তিগুলো এখনও দৃঢ়তার সঙ্গে টিকে রয়েছে। স্বয়ং ইহুদিবাদী ইসরাইলি বিশিষ্ট বিশ্লেষকরা তাদের কৌশলগত মারাত্মক পরাজয়ের কথা নির্দ্বিধায় স্বীকার করছে।
হাসান নাসরুল্লাহ জোর দিয়ে বলছেন: প্রতিরোধ শক্তিগুলো সকল ফিলিস্তিনি গোষ্ঠী এবং হামাস নেতাদের পাশে দাঁড়িয়েছে। এখন যুদ্ধের ৬ মাস পর নেতানিয়াহু কোনও অর্জন ছাড়াই গাজার গভীরে ঢুকে মৌখিকভাবে দাবি করছে: রাফাহ আক্রমণ না করলে নাকি যুদ্ধে হেরে যাবে বলে প্রমাণিত হবে।
হাসান নাসরুল্লাহ তার বক্তব্যের ধারাবাহিকতায় ইসরাইলি যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে উদ্দেশ করে বলেছেন: তুমি যদি রাফাহতেও সেনা পাঠিয়ে আক্রমণ করো, তবুও যুদ্ধে হেরে যাবে। এমনকি তুমি হামাস কিংবা প্রতিরোধ শক্তিগুলোর কিছুই করতে পারবে না, ধ্বংস করা তো দূরেরই কথা।
লেবাননের হিজবুল্লাহ মহাসচিব ইয়েমেনের প্রতিরোধ বাহিনীর সহযোগিতা এবং গাজার মজলুম ফিলিস্তিনীদের সহায়তায় তাদের এগিয়ে আসার বিশাল বরকত ও ফলাফলের কথাও তুলে ধরেছেন। তিনি স্পষ্ট করে বলেছেন: ইয়েমেনিরা বর্বর ইহুদিবাদী ইসরাইলের অর্থনীতিকে পুরোদস্তুর পঙ্গু করে দিয়েছে।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।