পালিয়ে যাওয়া ‘টেরোরিস্টকে’ বাংলাদেশ পাসপোর্ট দেয় না -পররাষ্ট্র প্রতিমন্ত্রী
ক্ষমতাচ্যুত হয়ে ভারতে আশ্রয় নেয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরতে চাইলে তাকে ভারতের সঙ্গে বন্দি বিনিময় চুক্তির আওতায় ফিরতে হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। মৃত্যুদ-ের সাজাপ্রাপ্ত পলাতক এই আসামিকে কোনো পাসপোর্ট দেওয়া হবে না বলে স্পষ্ট করেন তিনি।
গতকাল ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
ব্রিফিংয়ে এক সাংবাদিক প্রতিমন্ত্রীর কাছে হাসিনার নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের জন্য দিল্লিতে বাংলাদেশ মিশনে আবেদনের ব্যাপারে জানতে চান।
জবাবে সাংবাদিকের কাছে পাল্টা প্রশ্ন ছুড়ে দেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। তিনি জানতে চান, কে আবেদন করেছেন? সাংবাদিক শেখ হাসিনার নাম বললে প্রতিমন্ত্রী বলেন, 'আচ্ছা মানে, একটু হাস্যকর। কীভাবে আবেদন করেছেন? কোন ল' ফার্ম? কোথাকার ল' ফার্ম?'
সাংবাদিক ল ফার্ম হিসেবে ম্যাট্রিক্স চেম্বারসের নাম উল্লেখ করলে প্রতিমন্ত্রী বলেন, 'দেখেন প্রথমে আমি ল ফার্মকে বলব, তোমার ক্লায়েন্ট সম্পর্কে আগে জেনে নাও। তোমাদের ক্লায়েন্ট একজন টেরোরিস্ট, যিনি বাংলাদেশ থেকে পালিয়ে গেছেন। বছরের পর বছর ধরে তিনি হাজার মানুষ গুম ও বিচার বহির্ভূতভাবে খুন করেছেন। তারপর তো পালিয়ে যাওয়ার আগে দেড় মাসে প্রায় দেড় হাজার মানুষ বা আরো বেশি হত্যা করেছেন।'
প্রতিমন্ত্রী বলেন, 'বাংলাদেশ টেরোরিস্টকে পাসপোর্ট দেয় না, বরং হ্যান্ডওভার চায়।'
তিনি বলেন, 'তার সাজা হয়ে গেছে। তিনি মানুষ মেরে দেশ থেকে পালিয়েছেন। তো ভাগিয়া গেছে যে, সে কীভাবে আসবে? তার ফিরে আসার ইতিহাস নেই, ভাগিয়া যাওয়ার ইতিহাস আছে।'
'সে আসা তো দূরের কথা, এগুলা হাস্যকর। একটা টেরোরিস্ট কীভাবে আসবে? তবে টেরোরিস্টকে এক্সট্রাডিশন ট্রিটি [বন্দি বিনিময় চুক্তি] আছে, ওই ট্রিটির মাধ্যমেই হ্যান্ডওভার চাওয়া হবে। নানার বাড়ি বেড়াইতে তো আসবে না', যোগ করেন তিনি।
তিনি আরও বলেন, 'তাকে তো ওখান থেকে নিয়ে প্লেনে তুলে নজরদারির মাধ্যমে নিয়ে আসা হবে, হ্যান্ডওভার করবে। নিয়েই তো সেন্ট্রাল জেলে যাবে ওখান থেকে এবং কার্যকর হবে সাজা।'
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।