পানি নামছে ধীরে, এখনও পানিবন্দি ১৩ লাখ মানুষ
নোয়াখালীতে বন্যার পানি ধীর গতিতে নামছে। জেলায় এখনও প্রায় ১৩ লাখ মানুষ পানিবন্দি অবস্থায় রয়েছে। ৬০০ আশ্রয়কেন্দ্রে ৮০ হাজার মানুষ অবস্থান করছেন। পানিবদ্ধতার কারণে নিম্নাঞ্চল ও শহরতলীর মানুষজন চরম দুর্ভোগে পড়েছেন।
জেলা প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে, দ্রুত পানি নিষ্কাশানের জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। তবে জনসাধারণ বলছে, তাদের দুর্ভোগ নিরসনে কার্যকর কোনো উদ্যোগ এখনও তারা দেখছেন না।
নোয়াখালী জেলা নাগরিক অধিকার আন্দোলনের সদস্য সচিব জামাল হোসেন বলেন, জেলা শহরে বুক চিরে বয়ে যাওয়া নোয়াখালী খালসহ বিভিন্ন খাল যথাযথ সংস্কার না হওয়া, খালের ওপর কিংবা খালের পাশ ঘেঁষে নির্মিত বিভিন্ন অবৈধ স্থাপনার ফলে পানিবদ্ধতা দীর্ঘদিনের সমস্যা। নোয়াখালী পৌর শহরে সরকারি-বেসরকারি অবকাঠামো নির্মিত হলেও পরিকল্পিতভাবে ড্রেনেজ ব্যবস্থা গড়ে উঠেনি। উপরন্তু সরকারের বিভিন্ন দপ্তর ও পৌরসভার মধ্যে পানিবদ্ধতা নিরসনে কার্যকর ব্যবস্থা গ্রহণে সমন্বয়হীনতা রয়েছে।
জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান বলেন, নোয়াখালীতে পানি প্রবাহের যে পথগুলো বন্ধ রয়েছে সেগুলো ইতিমধ্যে সচল করা হয়েছে। যেগুলো এখনও সচল হয়নি সেগুলোর কাজ চলছে। বিভিন্ন বাঁধ কাটা হয়েছে। ড্রেন-নালা পরিষ্কার করা হয়েছে। আশা করি, দ্রুতই পানিবদ্ধতার অবসান হবে।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।