পাকিস্তানের সঙ্গে শত্রুতা করে কোনো ফায়দা নেই -পররাষ্ট্র উপদেষ্টা
পাকিস্তানের সঙ্গে এখন আমাদের শত্রুতা করে কোনো ফায়দা নেই বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। গতকাল ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে দিল্লি-ইসলামাবাদের সঙ্গে সম্পর্কের ব্যাখ্যা দিতে গিয়ে তিনি এ কথা বলেন।
বর্তমানে ভারতের সঙ্গে সম্পর্কের টানাপোড়েন চলছে এবং পাকিস্তানের সঙ্গে সম্পর্ক নিবিড় হচ্ছে কি না- জানতে চাইলে এই উপদেষ্টা বলেন, এ দুটোর একটিকেও আমি ঠিক মানছি না। আমি মনে করি, কোনো একপর্যায়ে, কোনো এক কারণে পাকিস্তানের সঙ্গে সম্পর্কে একটু টানাপোড়েন ছিল। স্বাভাবিক একটা সম্পর্ক যদি উন্নীত হয়, আমাদের সবার খুশি হওয়া উচিত। আমরা তো সবার সঙ্গে বন্ধুত্ব চাই। পাকিস্তানের সঙ্গে তো এখন আমাদের শত্রুতা করে কোনো ফায়দা নেই।
আওয়ামী লীগের শাসনামলে ভারতের সঙ্গে বাংলাদেশের সোনালি অধ্যায়ের কথা বলা হতো- এ প্রসঙ্গে উপদেষ্টা বলেন, সম্পর্কের সোনালি অধ্যায় ছিল দুই সরকারের মধ্যে। আমরা চাই, সুসম্পর্ক থাকুক জনসাধারণ পর্যায়ে, মানুষ সেটাতে যুক্ত হোক। মানুষ মনে করুক আসলে খুব ভালো সম্পর্ক। সেটা যে ছিল না এটা স্বীকার করা ভালো। মানুষের মধ্যে ক্ষোভ ছিল, দ্বিপাক্ষিক সঠিক পদক্ষেপ নেওয়ার মাধ্যমে সেগুলো প্রশমন করা সম্ভব বলে আমি মনে করি।
ভারতীয় গণমাধ্যমের ভূমিকা নিয়ে তৌহিদ হোসেন বলেন, ভারতীয় মিডিয়ায় যেটা হয়েছে, সেটা একেবারে মিথ্যার বেসাতি, বাড়াবাড়ি।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।