পদ ছাড়া পদোন্নতি বন্ধে সরকারের প্রতি আহ্বান
নিজস্ব প্রতিবেদক:
'ক্যাডার কর্মকর্তাদের মধ্যে পদ না থাকার পরও যাদের কয়েকমাস পরপর পদোন্নতির প্রজ্ঞাপন জারি হয়, তা বন্ধ করতে হবে। দুয়েকটি ক্যাডার এই সুবিধা পায় আর অন্য ক্যাডারের কর্মকর্তারা বঞ্চিত হয়, যা গ্রহণযোগ্য নয়। একইসঙ্গে কোটামুক্ত উপসচিব পদোন্নতির ব্যবস্থা নিশ্চিত করতে হবে।'
গতকাল ইয়াওমুস সাবত (শনিবার) আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদের উদ্যোগে রাজধানীর খামারবাড়িস্থ কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) মিলনায়তনে 'জন-আকাঙ্খা পূরণে প্রত্যাশিত সিভিল সার্ভিস' শীর্ষক সেমিনারে বক্তারা এসব কথা বলেন।
সভায় সিভিল সার্ভিস সংস্কারের মাধ্যমে জনকল্যাণমূলক রাষ্ট্র গঠনে করণীয় বিষয়ে আলোচনা করা হয়। আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদের সমন্বয়ক ওমর ফারুক দেওয়ানের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
সেমিনারে বক্তারা বলেন, একই দেশে একটি ক্যাডারের কর্মকর্তা পদ না থাকা সত্ত্বেও পদোন্নতি পাবে, আর অন্য ক্যাডারের কর্মকর্তারা পদ থাকা সত্ত্বেও পাবে না, এটা আধুনিক প্রশাসন ব্যবস্থা হতে পারে না। এটা প্রশাসন ক্যাডারের ইচ্ছাকৃত সৃষ্ট জটিলতা ও ঔপনিবেশিক মনোভাব বলে মনে করেন ২৫ ক্যাডারের কর্মকর্তারা। সেজন্য এ অনিয়ম দূর করা বর্তমান অন্তর্র্বতী সরকারের দায়িত্ব।
'কার্যকর জনসেবা নিশ্চিত করতে প্রতিটি মন্ত্রণালয়ে স্ব-স্ব ক্যাডারের অভিজ্ঞ ও দক্ষ কর্মকর্তারা পদায়িত করতে হবে' এমন দাবি করে বক্তারা বলেন, স্ব স্ব মন্ত্রণালয়ে পদায়িত না করে বর্তমানে কৃষি ক্যাডার থেকে উপসচিব পুলে যাওয়া কর্মকর্তাকে নৌপরিবহনে, শিক্ষা ক্যাডার থেকে থেকে যাওয়া কর্মকর্তাকে পানিসম্পদে, স্বাস্থ্য ক্যাডারের কর্মকর্তাকে তথ্য মন্ত্রণালয়ে পদায়িত করে দুর্নাম করা হচ্ছে যে তারা কর্মদক্ষ নন। এর ফলে পুলের মূল উদ্দেশ্য ব্যর্থ হচ্ছে, জাতি অভিজ্ঞ সেবা থেকে বঞ্চিত হচ্ছে।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।