পঞ্চদশ সংশোধনীর শুনানি: ‘৫০ বছর পরেও মানুষ রায়ের কথা মনে করবে’
নিজস্ব প্রতিবেদক:
বহুল আলোচিত তত্ত¦াবধায়ক সরকার বাতিল করে সংবিধানের পঞ্চদশ সংশোধনীর বৈধতা নিয়ে রুলের শুনানিতে হাইকোর্ট বলেছে, এই মামলা অনেক বড় মামলা। সংবিধানের পঞ্চদশ সংশোধনী এমন সংশোধনী, যা সংবিধানের অনেক অনুচ্ছেদকে টাচ করেছে। হাইকোর্ট বলেছে, আমরা এই মামলায় এমন রায় দিতে চাই, কেউ যেন বলতে না পারে ন্যায় বিচার প্রতিষ্ঠা হয়নি। যেটাকে ন্যায়বিচার বলে এই রায়ের মাধ্যমে সেটাই প্রতিষ্ঠা করব।
রাষ্ট্রপক্ষকে এই মামলায় গুরুত্বপূণ সাবমিশন রাখার পরামর্শ দিয়ে হাইকোর্ট বলেন, ৫০ বছর পরেও এই রায়ের কথা মানুষ মনে করবে। তখন তারা দেখবে এই মামলায় রাষ্ট্রপক্ষের ভূমিকা কেমন ছিল।
গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) বিচারক ফারাহ মাহবুব ও বিচারক দেবাশীষ রায় চৌধুরীর গঠিত হাইকোর্ট বেঞ্চ এ মন্তব্য করে।
এ সময় রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল আসাদ উদ্দিন আদালতে বলেছে, দেশের মানুষের কল্যাণ হয়, রাষ্ট্রের কল্যাণ হয়, এমন বক্তব্যই আদালতে তুলে ধরবে রাষ্ট্রপক্ষ। এরপর আদালত পরবর্তী শুনানির জন্য আগামী রোববার (১০ নভেম্বর) দিন ধার্য করেন।
এর আগে গতকাল ৬ নভেম্বর বহুল আলোচিত তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে সংবিধানের পঞ্চদশ সংশোধনীর বৈধতা নিয়ে রুলের দ্বিতীয় দিনের শুনানিতে হাইকোর্ট বলেছে, এই মামলাটি কোনো পক্ষের নয়, এটি এখন পুরো বাংলাদেশের মানুষের মামলা।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।