‘ন্যূনতম মজুরি নির্ধারণে বৈশ্বিক বাজারের বাস্তবতা দেখতে হবে’
তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে বর্তমান বৈশ্বিক ব্যবসায়িক পরিস্থিতি, শিল্পের আর্থিক সক্ষমতা ও সামগ্রিক অর্থনৈতিক অবস্থা বিবেচনায় নিতে হবে। তবে একই সঙ্গে শ্রমিকদের কল্যাণ ও জীবনযাত্রার মানোন্নয়নের বিষয়টিও যথাযথ গুরুত্বের সঙ্গে বিবেচনা করা জরুরি বলে মনে করেন বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনের সভাপতি ফজলে শামীম এহসান।
এক সাক্ষাৎকারে নতুন মজুরি বোর্ড গঠন এবং পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে কোন কোন বিষয় বিবেচনা করা উচিত, সে বিষয়ে কথা বলেন তিনি।
তিনি বলেন, ন্যূনতম মজুরি নির্ধারণের ক্ষেত্রে কয়েকটি বিষয় বিবেচনায় নেওয়া জরুরি। প্রথমত, গত তিন বছরের মূল্যস্ফীতি বিবেচনা করতে হবে। তবে মূল্যস্ফীতির পুরোটা মজুরি বৃদ্ধির মাধ্যমে সমন্বয় না করে প্রায় ৯০ শতাংশ পর্যন্ত বিবেচনায় নেওয়া যেতে পারে। কারণ, মজুরি বাড়ানোর পাশাপাশি মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রাখাও গুরুত্বপূর্ণ। নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম ক্রমাগত বাড়তে থাকলে মজুরি বৃদ্ধির সুফল শেষ পর্যন্ত কমে যায়।
দ্বিতীয়ত, পোশাকশিল্পের প্রবৃদ্ধি ও বর্তমান ব্যবসায়িক পরিস্থিতি বিবেচনা করতে হবে। এ ছাড়া টাকার বিনিময় হারের পরিবর্তন, শ্রমবাজারে নতুন কর্মীর প্রবেশ ও কর্মসংস্থানের সুযোগ কেমন রয়েছে, সেগুলোও গুরুত্বপূর্ণ।
তিনি আরও বলেন, মজুরি এমন পর্যায়ে নির্ধারণ করা হলে শিল্পের পক্ষে তা বাস্তবায়ন করা কঠিন হয়ে পড়ে, সেখানে কর্মসংস্থানের ওপর নেতিবাচক প্রভাব পড়তে পারে। নতুন কর্মীর সরবরাহ বেশি থাকলেও যদি পর্যাপ্ত চাকরির সুযোগ না থাকে, তাহলে উচ্চ মজুরি কাঠামো বাস্তবায়নের ক্ষেত্রে চাপ তৈরি হতে পারে। এতে অভিজ্ঞ কর্মীরা চাকরি হারাতে পারেন এবং নতুন কর্মীরা সেই পদে নিয়োগ পেতে পারেন। তাই মজুরি নির্ধারণের সময় শ্রমিকদের আয়ের পাশাপাশি কর্মসংস্থানের স্থায়িত্বও বিবেচনা করা উচিত।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।