-নির্মাণ কাজ বন্ধ, বাস চলাচলে বিধিনিষেধ
আল ইহসান ডেস্ক:
শীত মৌসুম শুরুর আগেই ভয়াবহ বায়ুদূষণে বিপর্যস্ত হয়ে পড়েছে ভারতের রাজধানী নয়াদিল্লি। প্রতিদিনই বাতাসের মানের অবনতি এবং তা ‘খুব খারাপ’ পর্যায়ে পৌঁছে যাওয়ায় এবার নয়াদিল্লির সকল প্রাইমারি স্কুল বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
জুমুয়াবার (১৫ নভেম্বর) থেকেই এই সিদ্ধান্ত কার্যকর হচ্ছে।
বিবিসি বলছে, দিল্লি এবং আশপাশের শহরগুলো ব্যাপক মাত্রায় দূষণের কবলে পড়েছে যেটাকে মানুষের স্বাস্থ্যের জন্য বিপজ্জনক বলে মনে করা হচ্ছে। বৃহস্পতিবারও দিল্লির বাতাসে সূক্ষ্ম কণার পরিমাণ নিরাপদ মাত্রার চেয়ে ৫০ গুণেরও বেশি ছিল।
বাতাসের দূষণ ভয়াবহ মাত্রায় পৌঁছায় অপ্রয়োজনীয় নির্মাণকাজ বন্ধ ও বাস চলাচলেও কড়াকড়ি আরোপ করেছে দিল্লির সরকার।
ডাক্তার অরুনেশ কুমার নামের এক চিকিৎসক বার্তাসংস্থা পিটিআইকে বলেছে, দিল্লির দূষণের মাত্রা এতটাই ভয়াবহ অবস্থায় পৌঁছেছে যে সাধারণ মানুষের বাইরের কাজকর্ম সীমিত করে দেওয়া উচিত। বিশেষ করে ভোর বেলা এবং সন্ধ্যার পর বাইরে না থাকার চেষ্টা করতে হবে।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।